
ছুটির দিন গতকাল সন্ধ্যায় ‘খবরখাদ্যে’ বাড়তি আকর্ষণ যোগ হয়েছিল পারফরম্যান্স আর্ট। আজ রোববারও পারফরম্যান্স আর্ট থাকবে।
প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে শিল্পী ওয়াকিলুর রহমানের দৃশ্যশিল্প প্রদর্শনী খবরখাদ্য ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত প্রদর্শনীতে ছিল তিনটি পারফরম্যান্স আর্ট।
‘নিউজাগোনি’ নামের প্রথম পারফরম্যান্স আর্টটি করেন শিল্পী প্রিমা নাজিয়া আন্দালিব। এতে তিনি তুলে ধরেন সংবাদের ওপর আরোপিত নানা ধরনের নিষেধাজ্ঞার বিষয়টি। তিনি দেখান সংবাদ এখন নিজেই বন্দী। সে নিজেই বেদনার্ত। অবাধ মুক্তির প্রত্যাশার আকুতি ফুটিয়ে তুলেছেন শিল্পী।
নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান তাদের ওপর নির্যাতন ও অধিকার প্রতিষ্ঠার বিষয়টি উঠে এসেছিল দ্বিতীয় পারফরম্যান্স আর্টে। শিল্পী সুমনা আক্তারের এই পারফরম্যান্সের নাম ছিল ‘এবং দ্রৌপদীরা’। এই শিরোনামে তিনি ধারাবাহিক পারফরম্যান্স আর্ট করছেন। এরই একটি পর্ব তিনি পরিবেশন করেন।
শেষ পারফরম্যান্সটি ছিল ঋতু সাত্তারের। ‘হাওয়ায় ভাসা খবর’ নামের এই কাজটিতে তিনি খবরের প্রবহমানতার বিষয়টি তুলে ধরেন।
আজ রোববার সন্ধ্যায় আফসানা শারমিন, শারদ দাস, স্বাধীন কামরুজ্জামান, ফাহিমা বিনতে জাহিদ, পলাশ ভট্টাচার্য, সালেহ্ মাহমুদ ও সঞ্জয় চক্রবর্তী পারফরম্যান্স আর্ট করবেন। প্রদর্শনী চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।