
এক দুই তিন করে পাঁচটি সপ্তাহ পার করে ফেলেছে ‘হ্যাপি’। এত দিনে নিশ্চয়ই অনেকবার এই গান শোনাও হয়ে গেছে। যাঁরা বিলবোর্ডে এক-আধটু ঢুঁ মারেন আর যদি বিশ্বসংগীতের প্রতি আগ্রহ রাখেন, তাঁদের কাছে ‘হ্যাপি’র পরিচয় আবার নতুন করে করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করি না। আর যাঁরা এই বিষয়ে প্রথম পড়ছেন, তাঁদের বলছি, এত দিন ধরে যে গানে মেতেছে বিশ্ব, একটু শুনেই দেখুন না।
অনেকের মতে, গানটি ‘সুখানুভূতি’র! সহজ মানে হলো, এই গানটি আনন্দদায়ক। গানের নামের সঙ্গে কাজেও যেন বেজায় মিল!
সমালোচকদের প্রশংসায় পঞ্চমুখ গানটির নিজের নামে বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার মিউজিক ভিডিও বের করেছে। অর্থাৎ গানটি কোনো সময়ের নিরিখে বন্দী নয়, যেকোনো সময় যেকোনো স্থানে এর সুখকর প্রভাব পাওয়া যেতে পারে। মিনিওন, ফ্যারেল আর ১৩ জন সেলিব্রিটিকে নিয়ে বানানো এই ভিডিওটিতে আমজনতার উপস্থিতিও লক্ষণীয়।
এখন দেখে নিই, বিলবোর্ড কী বলে
বিলবোর্ডের টপ ১০০-এর মধ্যে ফ্যারেল উইলিয়ামসের ‘হ্যাপি’ বরাবরের মতো এই সপ্তাহেও প্রথম স্থান ধরে রেখেছে। টানা আট সপ্তাহের ‘এয়ারপ্লে গেইনার’খ্যাত গানটি কিন্তু ‘ডিজিটাল সং’ চার্টেও রাজত্ব করছে। এখন পর্যন্ত তিন লাখের বেশি কপি বিক্রি হওয়া গানটি বিলবোর্ড ছাড়াও আরও ২৩টি দেশের টপচার্টের শীর্ষে গানটি অবস্থান করছে সদর্পে।
গত সপ্তাহে তৃতীয় স্থানে থাকা লিজেন্ডের ‘অল অব মি’ পেরির ‘ডার্ক হর্স’কে হটিয়ে দ্বিতীয় স্থানে এসে ঠায় দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন অর্জন হচ্ছে ‘বেস্ট এয়ারপ্লে’ খেতাব। ২৪ সপ্তাহ ধরে চার্টে থাকার পর এই অবস্থানটি এই গানের সর্বোচ্চ অর্জন। লিজেন্ডের চতুর্থ স্টুডিও অ্যালবামের এই গানটি তাঁর স্ত্রীকে উৎসর্গ করে গাওয়া। মজার ব্যাপার হচ্ছে, এর মিউজিক ভিডিওটি তাঁদের বিয়ের মাত্র কিছুদিন আগে ধারণ করা হয়। অন্যান্য সমালোচক ছাড়াও দ্য গার্ডিয়ান পত্রিকার প্রশংসা লিজেন্ডের প্রাপ্তির খাতায় বড় অক্ষরে লেখা রয়েছে।
আপাতদৃষ্টে মনে হচ্ছে, ‘হ্যাপি’ আর ‘ডার্ক হর্স’-এর লড়াই শেষ। এই সপ্তাহে কেটি পেরির ‘ডার্ক হর্স’ তার আগের অবস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। বিলবোর্ড টপচার্টের টপ-৫-এর সবচেয়ে পুরোনো বাসিন্দা ‘ডার্ক হর্স’ অবশেষে কি নিজের আকর্ষণ হারাচ্ছে?
জেসন ডেরুলোর ‘টক ডার্টি’ তৃতীয়-চতুর্থ, চতুর্থ-তৃতীয়—এই চক্র থেকে বের হতে পারছে না। এই সপ্তাহে এর অবস্থান চতুর্থ।
পঞ্চম স্থানে এসেছে মেঞ্জেলের ‘লেট ইট গো’। গানটি মূলত ফ্রোজেন মুভির জন্যই আলোচিত এবং প্রশংসিত। ডিজনির ইতিহাসে ১৯৯৫ সালের পর এটিই টপচার্টে অবস্থান করে নেওয়া গান। ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড ছাড়াও গানটি মোট পাঁচটি পুরস্কার নিজের ঝুলিতে পুরেছে। ১৪তম অবস্থান থেকে এক লাফে পঞ্চম স্থান দখল করা গানটি অন্যান্য দেশের চার্টে নিজের আসন পাকাপোক্ত করার প্রয়াস চালাচ্ছে।
মো. সাফিবিনদোহা