খরা কাটাতে আসছে 'ব্রাদার্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার্স ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা ও অক্ষয় কুমার
ব্রাদার্স ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা ও অক্ষয় কুমার

সেই ঈদের পর থেকেই যেন খরা লেগেছে বলিউডে। অ্যায়সা ইয়ে জাহান, দৃশ্যম, ব্যাঙ্গিস্তান, জানিসার—মুক্তি পেয়েছে কয়েকটি ছবি। কিন্তু একটাও মন গলাতে পারছে না দর্শকদের। সেই ঈদের ছবি বজরঙ্গি ভাইজান এখনো রাজত্ব করে যাচ্ছে বলিউডে। তবে এবার চিত্রটা বদলানোর পালা। আসছে ব্রাদার্স। বলিউডে ছবি হিট করার যত ধরনের উপাদান আছে, সবই থাকছে এতে। তাই বলিউডগুরুদের ধারণা, প্রায় দুই সপ্তাহের বক্স অফিস ব্রাদার্স দিয়ে খরা কাটাতে যাচ্ছে কাল ১৪ আগস্ট।
দুই ভাইয়ের দ্বন্দ্ব, সামাজিক সমস্যা, প্রেম, অ্যাকশন, আইটেম গান আর হৃদয়ছোঁয়া ক্লাইমেক্স-প্রযোজক করণ জোহর বলিউডের ছবির ভক্তদের চাওয়াটা ঠিকই ধরতে জানেন। তাই তো ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে হালের হার্টথ্রব সিদ্ধার্থ মালহোত্রাকে বেছে নিয়ে বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন আরেকবার। যদিও ছবিটি ২০১১ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ওয়ারিয়র-এর রিমেক, তবুও এর সঙ্গে বলিউডের নিজস্বতা ভালোই মিশিয়েছেন প্রযোজক-পরিচালক।

ব্রাদার্স ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা ও কারিনা কাপুর
ব্রাদার্স ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা ও কারিনা কাপুর

ব্রাদার্স পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা। এর আগে তিনি পরিচালনা করেন করণ জোহর প্রযোজিত রিমেক ছবি অগ্নিপথ। আর এবার ব্রাদার্স। ধারণা করা হচ্ছে, এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) নিয়ে তৈরি এ ছবিটি হবে বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় খেলাবিষয়ক চলচ্চিত্র। কারণ ছবিটি যেমন টান টান উত্তেজনায় ভরা, তেমনি বলিউডে হিট হওয়ার সব ফর্মুলা আছে এতে।
ছবিটিকে ঘিরে দারুণ উত্তেজনা কাজ করছে এর শিল্পীদের মধ্যে। শুরুতেই বলা যাক অক্ষয় কুমারের কথা। এতে তিনি অভিনয় করেছেন এক জ্যেষ্ঠ এমএমএ ফাইটারের চরিত্রে। চরিত্রটিতে অক্ষয় যেন নিজেকেই খুঁজে পেয়েছেন। কারণ আদতে তিনিও যে আসক্ত রিংয়ে বাঁধা এই খেলার। এমনকি তাঁর তো মার্শাল আর্ট একাডেমিও আছে। সেখানে খুব কম খরচেই তিনি ভারতীয় নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন। ব্রাদার্স মুক্তির কিছুদিনের মধ্যেই অক্ষয় কুমার তাঁর একাডেমির প্রথম ব্যাচের ৬০০ নারী প্রশিক্ষণার্থীর মধ্যে মার্শাল আর্ট পারদর্শিতার সনদ বিতরণ করবেন। তাই বলা যায় অক্ষয়ের জন্য এ ছবি যেন একেবারে সঠিক সময়েই আবির্ভাব হয়েছে।
এবার আসা যাক ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র সিদ্ধার্থ মালহোত্রার কাছে। তিনি এ ছবির জন্য নিজেকে একেবারে ভেঙে যেন নতুন করে গড়েছেন। তাঁর প্রথম ছবির পরিচালক করণ জোহর এ ছবির প্রযোজক, তাই সিদ্ধার্থের একাগ্রতা যেন সবার চেয়ে একটু বেশিই ছিল ব্রাদার্স ঘিরে। ছবির জন্য নিজের ওজন বাড়িয়ে ১০০ কেজির কাছাকাছি নিয়ে গেছেন তিনি। দেহগড়ন বানিয়েছেন পুরোদস্তুর এমএমএ ফাইটারদের মতোই। কঠোর অনুশীলনের মধ্য দিয়ে বছর খানেক কাটাতে হয়েছে তাঁকে। তাই সিদ্ধার্থের এখন আর তর সইছেই না। তাই তো তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে বললেন, ‘আমি আমার পরিচালককে অনুরোধ করেছি, যেন ছবিটি তৈরির পেছনের গল্পগুলোও ভিডিও আকারে প্রকাশ করা হয়। তাহলে সবাই বুঝবে ব্রাদার্স আমাদের কতটা পরিশ্রমের ফসল।’

ব্রাদার্স ছবিতে অক্ষয় কুমার ও জ্যাকুলিন ফার্নান্দেজ
ব্রাদার্স ছবিতে অক্ষয় কুমার ও জ্যাকুলিন ফার্নান্দেজ

তবে সবাই ছবিটি নিয়ে অনেক উৎসাহে থাকলেও, ছবির অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বেশ চিন্তায় আছেন। এই প্রথম কোনো ছবিতে এক সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করলেন তিনি। তা ছাড়া এতে তাঁকে মার্ডার থ্রি, হাউজফুল টু, কিক কিংবা রয় ছবির মতো গ্ল্যামারাসও দেখাবে না। কারণ তাঁর চরিত্রটাই এমন। কম মেকআপ, নিষ্প্রভ পোশাক আর ধীরস্থির একটা চরিত্র। প্রথমে ছবি থেকে নিজের নাম সরিয়েই নিতে চেয়েছিলেন তিনি। পরে সালমান খান তাঁকে রাজি করিয়েছেন ব্রাদার্স-এর জন্য। কারণ অক্ষয়ের মেয়ের মা হিসেবে জ্যাকিকেই ঠিক করে রেখেছিলেন প্রযোজক করণ জোহর। তাই যখন জ্যাকুলিন বুড়িয়ে যাওয়ার ভয়ে সরে যেতে চাইলেন, তখন করণ দ্বারস্থ হলেন সালমানের। আর সালমানের কথা না শোনার সাহস কি দেখাতে পারেন জ্যাকুলিন। এ জন্যই সব চিন্তার লাগাম টেনে পাঁচ বছর বয়সী এক মেয়ের মা হয়ে গেলেন হালের আবেদনময়ী এ নায়িকা।
তবে যে যা-ই বলুক, ছবির সব শিল্পীর থেকে এ মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আছেন কারিনা কাপুর। মাত্র মিনিট ছয়েকের গানে অংশ নিয়েই তিনি হয়ে উঠেছেন ব্রাদার্স-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক যেমনটা অগ্নিপথ ছবির ‘চিকনি চামেলি’ দিয়ে ক্যাটরিনার বেলায় ঘটেছিল। কারিনা অংশ নিয়েছেন এ ছবির ‘মেরা নাম মেরি’ নামের আইটেম গানে। আর তা দিয়ে মাত বলিউড। এবার অপেক্ষা আস্ত ছবির। দেখা যাক রিমেক এই ছবি বলিউডি মসলা দিয়ে কত মাত করতে পারে বক্স অফিস।
বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ ইন্ডিয়া ও কইমই ডটকম অবলম্বনে