খলনায়ক বিপ্লব

চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রমিথিউস ব্যান্ডের সদস্য বিপ্লব। তবে নায়ক নয়, খলনায়কের চরিত্রে। ছবির নাম গেম। ২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। যৌথভাবে পরিচালনা করেছেন রয়েল ও অনিক। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। ছবিতে আরও অভিনয় করেছেন নিরব ও অমৃতা খান।
বিপ্লব বলেন, ‘গেম ছবির টাইটেল গানের কাজ করছিলাম, তখন ছবির নায়ক নিরব আমাকে খলনায়ক চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। নিরবের অনুরোধে আমি খলনায়ক হয়েছি।’
বিপ্লব বলেন, ‘প্রমিথিউসকে নিয়ে মোহাম্মদ হোসেন জেমীর রাজধানী, মোহাম্মদ হোসেনের চাঁদের মত বউ আর আবদুল্লাহ আল মামুনের দুই বেয়াইয়ের কীর্তির ছবির গানে অংশ নিয়েছি। এবার আমি নিজে অভিনয় করেছি।’
গেম ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘ছবিতে আমি একজন খলনায়ক। ঢাকার ডন। এখন আর কিছু বলতে চাচ্ছি না।’
অভিনয়ের পাশাপাশি গেম ছবির সূচনা সংগীতের কাজও করেছেন বিপ্লব। জনি হকের লেখা গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। ছবির অন্য গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম, মাহমুদ মানজুর ও গুঞ্জন চৌধুরী। গানগুলোর শিল্পীরা হলেন ন্যান্সি, কনা, আরফিন রুমি, হৃদয় খান, ইবরার টিপু, পড়শী ও ইমরান।
গেম ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।