খলনায়ক মিশা সওদাগর টিভি নাটকে
মিশা সওদাগরকে সবাই চলচ্চিত্রের খলনায়ক হিসেবেই জানেন। চলচ্চিত্রে কাজের ব্যস্ততার জন্য টিভি নাটকে কাজ করা হয়নি তাঁর। তবে এবারই টিভি নাটকে কাজ করলেন তিনি। নাটকের নাম ললিতা। এর মাধ্যমে প্রথমবারের মতো টিভি নাটকে নাম লেখালেন বড় পর্দার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।টিভি নাটকে প্রথম কাজ করার ব্যাপারে মিশা সওদাগর বলেন, ‘আমি ১৯৮৬-৮৭ সালে ঢাকা থিয়েটারের সদস্য ছিলাম । কিন্তু মঞ্চে কখনো কাজ করা হয়নি। এমনকি কোনো টিভি নাটকেও কাজ করিনি। গত ৩০ বছর চলচ্চিত্রে ব্যস্ত থাকায় টিভি নাটক নিয়ে ভাবার সময় পাইনি। ললিতা নাটকের পরিচালক আমার পূর্ব পরিচিত। আজ থেকে প্রায় আড়াই বছর আগে তাঁকে নাটকটিতে অভিনয়ের কথা দিয়েছিলাম। সেই কথা রক্ষা করার জন্যই কাজ করা। তা ছাড়া আমার পরিবারের সদস্যরা নিয়মিত নাটক দেখে। তারাও আমাকে অনেকবার বলেছে আমি কেন নাটকে কাজ করি না। একই কথা শুনতে হয়েছে আমার অনেক ভক্তদের কাছে থেকেও। আমার মনে হয় এই নাটকে অভিনয়ের মাধ্যমে কমবেশি অনেকের ইচ্ছা পূরণ করতে পারলাম।’চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকে নিয়মিত হবেন কি না, এমন প্রশ্নের উত্তরে মিশা জানান, আপাতত সে রকম কোনো সম্ভাবনা নেই।পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘ললিতা নাটকটির গল্পের প্রয়োজনেই মিশা সওদাগরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ললিতায় অভিনয়ে সম্মতি দেওয়াতে তাঁর কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’নাটকে মিশা সওদাগরকে একজন রাজনৈতিক দলের ক্যাডার হিসেবেই দেখানো হবে। যিনি ললিতাকে সামাজিক স্বীকৃতি ও মর্যাদা দিয়ে তাঁর বাড়িতে আশ্রয় দেবেন। পরিচালক জানান, নাটকের ২০০তম পর্ব থেকে মিশাকে দেখা যাবে। বর্তমানে নাটকটির ১৮৮পর্ব প্রচার শেষ হয়েছে।নাটকটি একুশে টেলিভিশনে প্রতি রবি ও সোমবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হয়।