
খলিলউল্যাহ খানকে বেশির ভাগ মানুষ চেনেন একজন দক্ষ অভিনেতা হিসেবে। কিন্তু তিনি ছিলেন মূলত একজন চৌকস সরকারি কর্মকর্তা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি।
চাকরিজীবনের সূচনা করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে। ১৯৫১ সালে পরীক্ষায় কৃতকার্য হয়ে পাকিস্তান মিলিটারি একাডেমি কোয়েটায় যান প্রশিক্ষণে। প্রশিক্ষণকালেই চলে আসতে হয় তাঁকে। সেনাবাহিনীতে চাকরি করার সৌভাগ্য তাঁর হয়নি। ১৯৫৩ সালের ১৬ ফেব্রুয়ারি যোগ দেন আনসার বাহিনীতে। প্রশিক্ষণ নেন ঢাকার শাহবাগের আনসার সদর দপ্তরে। প্রশিক্ষণের পর তাঁর পোস্টিং হয় সিলেটে। অবসর নেন ১৯৯২ সালের ৩১ জানুয়ারি।

একসময় শুরু করেন অভিনয়জীবন। এক এক করে অসংখ্য ছবিতে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেন তিনি। নায়ক, পার্শ্ব অভিনেতা, জমিদার, ভিক্ষুক—সব ধরনের চরিত্রেই তিনি অভিনয় করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী প্রায় ছয় দশক অত্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করেন চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে। অভিনয় করে বিশাল জনপ্রিয়তা অর্জন করেন। লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার।
খলিল ছিলেন অত্যন্ত বন্ধুবৎসল। বন্ধুদের প্রতি তিনি ছিলেন অকৃত্রিম। কথা বলতেন যুক্তি দিয়ে। তিনি সারা জীবন বসবাস করেছেন মোহাম্মদপুরের একটি পরিত্যক্ত সরকারি বাড়িতে। অভিনয় আর সরকারি দায়িত্ব পালন—দুটোই তিনি সমান তালে করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে অসাধারণ দক্ষতার প্রমাণ রেখেছেন খলিলউল্যাহ খান। শক্তিশালী এই অভিনেতা এবং দক্ষÿ এই সরকারি কর্মকর্তা ২০১৪ সালের ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
লেখক: অবসরপ্রাপ্ত গণসংযোগ কর্মকর্তা,
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী