খাঁচায় বন্দী বিবারের বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯তম জন্মদিনে ম্যালি নামের ছোট্ট একটি বানর উপহার পেয়েছিলেন কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার। মিউনিখের একটি বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্রে খাঁচায় বন্দী অবস্থায় একাকী দিন কাটছে ছোট্ট ম্যালির। ম্যালির মানসিক স্বাস্থ্য নিয়ে সম্প্রতি শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।গত ১ মার্চ ছিল বিবারের ১৯তম জন্মদিন। সেদিন তাঁকে ছোট্ট বানরটি উপহার দিয়েছিলেন সংগীত প্রযোজক জামাল রশিদ। অল্প কয়েকদিনের মধ্যেই বিবারের সঙ্গে দারুণ সখ্য গড়ে উঠেছিল ম্যালির। বিবারের সব সময়ের সঙ্গী হয়ে ওঠে সে। এমনকি গত মার্চ মাসের শেষের দিকে ট্যুরের জন্য দেশের বাইরে যাওয়ার সময়ও ম্যালিকে সঙ্গে নেন বিবার। কিন্তু প্রয়োজনীয় কাগজ-পত্র না পাওয়ায় ম্যালিকে আটকে দেয় জার্মানির ফ্রানজ যোসেফ স্ট্রস বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে মিউনিখের একটি বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় বানরটিকে। সেখানেই খাঁচায় বন্দী অবস্থায় দিন কাটছে ছোট্ট ম্যালির। ম্যালির সঙ্গে দারুণ সখ্য থাকলেও তাকে উদ্ধারে এখনও কোনো উদ্যোগ নেননি বিবার। আর কিছুদিন এভাবে আটক থাকলে মারাত্মক মানসিক সমস্যা হতে পারে ম্যালির—সম্প্রতি এমন শঙ্কাই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জানিয়েছে 'দ্য সান'।এ প্রসঙ্গে বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্রের কর্মকর্তা কার্ল হেনজ বলেন, ‘ম্যালির বয়স খুবই কম। এই বয়সে তাকে একা রাখা ঠিক হচ্ছে না। তার আশপাশে সঙ্গী বানর রাখতে হবে। নীরব না থেকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বিবারের।’ এদিকে, ম্যালির জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র ঠিকঠাক করার জন্য বিবারকে দেওয়া সময় বাড়ানো হয়েছে।