খাজুরাহ নৃত্য উৎসবে বাংলাদেশের মণিপুরি নাচ

নাচ নিয়ে আয়োজিত কিছু আন্তর্জাতিক উৎসবের মধ্যে ‘খাজুরাহ ড্যান্স ফেস্টিভ্যাল’ অন্যতম। এতে অংশ নেওয়া প্রত্যেক নৃত্যশিল্পীর জন্যই দারুণ সম্মানের। সেই সম্মানজনক উৎসবেই এবার অংশ নিচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। বাংলাদেশের মণিপুরি নাচ নিয়ে সাধনা ও মণিপুরি থিয়েটারের ধ্রুমেন প্রকল্পে অংশ নেওয়া শিল্পীরা রাধারানীর অষ্টপ্রহর নামের একটি নৃত্যনাট্য নিয়ে যাচ্ছেন ভারতের মধ্যপ্রদেশে খাজুরাহ নৃত্য উৎসবে।
রাধারানীর অষ্টপ্রহর নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন সুইটি দাস চৌধুরী। তিনি বলেন, ‘মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্থানীয়দের কাছ থেকে তাঁদের ঐতিহ্যবাহী মণিপুরি নাচ ও গান পুনরুদ্ধার করে সেখানকার শিল্পীদের নিয়েই এটি তৈরি করা হয়েছে। আমরা চাই বাংলাদেশে যে মণিপুরি নাচের ধরন প্রচলিত, তা সবার সামনে তুলে ধরতে। এই নৃত্যনাট্যে কমলগঞ্জের শিল্পীরাও যুক্ত আছেন। এমনকি নৃত্যনাট্যের গানগুলোও কমলগঞ্জের শিল্পীদের দিয়েই করানো হয়েছে।’ সুইটি জানান, ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ১৭ জন শিল্পী খাজুরাহ নৃত্য উৎসবে রাধারানীর অষ্টপ্রহর মঞ্চায়ন করবেন। এর আগে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই নৃত্যনাট্য মঞ্চায়িত হবে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে।