খালেদ খান স্মরণে দুই নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ খান স্মরণে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ মহাজনের নাও নাটকের দৃশ্য । প্রথম আলো
খালেদ খান স্মরণে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ মহাজনের নাও নাটকের দৃশ্য । প্রথম আলো

আক্ষরিক অর্থে মৃত্যুকে জয় করার উপায় কারও নেই। তবু কেউ কেউ আছেন, যাঁরা তাঁর সৃষ্টি দিয়ে সময়কে পরাজিত করে কালোত্তীর্ণ হয়ে ওঠেন। সদ্য প্রয়াত নাট্যজন খালেদ খান সে পথেই এগিয়েছেন। তিনি নেই। কিন্তু তাঁর কাজ থেকে যাবে চিরকাল। গতকাল বুধবার প্রয়াত এ শিল্পীর স্মরণে দুটি নাটকের মঞ্চস্থ হয়।
সুবচনের নাটক ‘মহাজনের নাও’: খালেদ খান সুবচন নাট্য সংসদের বেশ কয়েকটি নাটকের নির্দেশনা দিয়েছিলেন। কিছুদিন আগে সুবচনের নতুন নাটক মহাজনের নাও দেখতে শিল্পকলা একাডেমীতেও এসেছিলেন। নাটক দেখে শিল্পীদের সঙ্গে আড্ডাও দিয়েছেন। খালেদ খান এখন আর নেই। তাঁকে স্মরণ করে একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকের দল সুবচন মঞ্চস্থ করে নাটক মহাজনের নাও। শাকুর মজিদের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
বাউল সাধক শাহ আবদুল করিমের সারা জীবনের সাধনা ছিল নিজেকে জানা এবং সৃষ্টিকর্তার রহস্য উদ্ঘাটন করা। এ ক্ষেত্রে দেহতত্ত্বকে প্রাধান্য দিয়ে তিনি অনেক গান লিখেছেন। যেহেতু শাহ আবদুল করিম সুনামগঞ্জের ভাটি অঞ্চলের মানুষ ছিলেন, তাঁর গানে তিনি নৌকাকে অনেক বেশি ব্যবহার করেছিলেন; নিজের দেহের রূপক হিসেবে। তিনি নিজেকে ভেবেছিলেন যেন কোনো এক মহাজনের কাছ থেকে ধার পাওয়া এক নৌকা। যে নৌকার মালিক তিনি নন, শুধু সঠিকভাবে চালিয়ে কোনো এক ‘সোনারগাঁয়ে’ পৌঁছানোর গুরু দায়িত্ব তাঁর। জীবনের সায়াহ্নে এসে তাঁর নাও কোন গাঁয়ে ভিড়েছে—সে শুধু তাঁর মহাজন জানেন। মূলত শাহ আবদুল করিমের জীবনের জটিলতা, সংকট এবং তার থেকে উত্তরণের বিষয়গুলো এ নাটকে প্রকাশ পেয়েছে। পাশাপাশি উঠে এসেছে জীবন ও জগৎ সম্পর্কে তাঁর বোধ ও দর্শন।

স্টুডিও থিয়েটারে ‘চিত্রাঙ্গদা’
খালেদ খানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে তাঁকে উৎসর্গ করে নাট্য সংগঠন স্বপ্ন দলের আলোচিত প্রযোজনা কাব্যনাট্য চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হলো গতকাল বড়দিনের সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। রবীন্দ্রনাথের চিরায়ত সৃষ্টি চিত্রাঙ্গদার গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
প্রদর্শনীর আগে খালেদ খানের জীবন ও শিল্পকর্ম-সম্পর্কিত তথ্যাবলি উপস্থাপন করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। গতকাল প্রযোজনাটির ২৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হলো। চিত্রাঙ্গদায় অভিনয় করেছেন সুকন্যা আমীর, ফারজানা রহমান, মোস্তাফিজুর রহমান, হাসান রেজাউল, শিশির সিকদার, সামাদ ভূঞা, মাধুরী বেপারী প্রমুখ।

নাগরিক নাট্য সম্প্রদায়ের শ্রদ্ধাঞ্জলি
গতকাল নাগরিক নাট্য সম্প্রদায় খালেদ খানকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাট্যশালায়। খালেদ খানের কাজ, তাঁর স্মৃতিময় অনুভূতিগুলো নাগরিকের সদস্য ও নাট্যব্যক্তিত্বরা উচ্চারণ করেন গভীর বেদনার সঙ্গে। স্মৃতিচারণায় অংশ নেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, সারা যাকের, নাট্য-অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম, ত্রপা মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শুদ্ধ শিল্পী ছিলেন খালেদ খান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ নাটকের গৌরবের ফসল তিনি। তাঁর গুণের আলোয় আলোকিত হয়েছে এ দেশের মঞ্চ। তাঁর স্বল্প সময়ের অভিনয় জীবনে যে অর্জন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, অভিনয়ের ক্ষেত্রে প্রতিটি চরিত্রকে বিশ্লেষণের অসাধারণ দক্ষতা ছিল তাঁর। মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির বিকাশে তাঁর ভূমিকা গুরুত্ব রেখেছে। মির্জাপুরে সমাহিত হলেও আপন কর্মগুণে রয়ে যাবেন শিল্পের ভুবনে।