খালেদ খানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদ খান যুবরাজ। মঞ্চ ও টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্দেশক। দীর্ঘদিন মোটর নিউরন রোগে ভুগেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত সোমবার তাঁকে ভর্তি করা হয় বারডেম জেনারেল হাসপাতালে। গত শুক্রবার রাতে তিনি মারা যান। তাঁকে স্মরণ করছেন তাঁর দীর্ঘদিনের কয়েকজন সহকর্মী

খালেদ খানকে স্মরণ
খালেদ খানকে স্মরণ

একজন প্রতিশ্রুতিশীল অভিনেতার জীবন অসমাপ্ত রয়ে গেল: রামেন্দু মজুমদার
মো. জাকারিয়ার পর খালেদ খানের মধ্যেই চমৎকার বাচিক অভিনয় দেখেছি। ওর অসাধারণ সাংগীতিক প্রতিভা ছিল। মঞ্চে ওর শেষ অভিনয় দেখেছিলাম। রক্তকরবী নাটক। মোটর নিউরন সমস্যার জন্য ওর স্বাভাবিক চলাফেরা করতে সমস্যা হতো। তার পরও মঞ্চে হাঁটাচলা কম করে, কিংবা সেটের কোনো কিছু ধরে অথবা সহশিল্পীদের কারও কাঁধে ভর করে ও ঠিকই অভিনয় করেছে। যুবরাজ তো খুব নিভৃতচারী ছিল। নিজেকে কখনোই জাহির করতে চায়নি। ওর মধ্যে এমন কিছু গুণ ছিল, তা দিয়ে ও সবাইকে নিজের দিকে আকৃষ্ট করতে পেরেছিল। একজন প্রতিশ্রুতিশীল অভিনেতার জীবন অসমাপ্ত রয়ে গেল।
শেষ দেখাটা হলো না: আসাদুজ্জামান নূর
যুবরাজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রশীদ হায়দার। এরপর ও নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেয়। ও খুব ভালো গান গাইত, অভিনয়টা ভালো বুঝত, উচ্চারণের ওপর ছিল দক্ষতা। সব মিলিয়ে অল্প দিনেই দলের মধ্যে ও নিজের অবস্থান তৈরি করে নেয়। ও অনেক দূরে যেতে পারত। কিন্তু দুরারোগ্য মোটর নিউরন সমস্যাটা ওকে থামিয়ে দেয়। আমি এখন নির্বাচনী এলাকায়, তাই ওকে শেষ দেখাটা হলো না।
যুবরাজ লড়াই করে গেছেন: তারিক আনাম খান
গত শতকের আশি ও নব্বইয়ের দশকে প্রায় দিনই আমাদের আড্ডা হতো। আড্ডার বিষয় ছিল শিল্প, সংস্কৃতি ও রাজনীতি। যুবরাজ ছিলেন ধ্রুপদি গুণে গুণান্বিত। শুদ্ধ ও শাস্ত্রীয় সংগীত আর রবীন্দ্রসংগীতে তাঁর ছিল ভালো দখল। কঠিন ও দুরারোগ্য একটা অসুখে ভুগেছেন, কিন্তু কখনো এতটুকু ভেঙে পড়েননি। নিজের সমস্যার জন্য কাউকে বিরক্তও করেননি। যুবরাজ লড়াই করে গেছেন। কখনো পরাজয় মেনে নেননি। কিছুদিন আগেও যুবরাজ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ছেলেমেয়েদের নিয়ে নতুন নাটক করার পরিকল্পনা করেছিলেন।
অনেকেরই অনুপ্রেরণা ছিলেন: আজাদ আবুল কালাম
মঞ্চে আমার শুরুটা হয়েছিল ১৯৮৬ সালে। তখন যুবদা ছিলেন তরুণ অভিনেতা, জ্বলজ্বল করা একজন মানুষ। ওই সময় আমাদের আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। নাটকে তিনি আমাদের অনেকেরই অনুপ্রেরণা ছিলেন। কেউ কেউ আবার তাঁকে অনুকরণ করতেন। আমাদের বেশির ভাগ সময় কেটেছে বেইলি রোডে মহিলা সমিতির বারান্দায়। অভিনয়, বচন, বিশ্ব নাটক—কত কিছু নিয়ে যে তিনি কথা বলতেন। বচন নিয়ে তাঁর ছিল সুদীর্ঘ প্রশিক্ষণ। তিনি যেমন নিজে তৈরি হয়েছিলেন, তেমনি অন্যদেরও তৈরি করেছিলেন। অন্যের ভুলটা ধরতে পারতেন, ধরিয়ে দিতেন। ভালো সমালোচনা করতেন। তা ছিল ক্ষুরধার ও দরকারি।
বীষু পাগলের চেহারাটা মনে পড়ছে: অপি করিম
যুবদার সঙ্গে মঞ্চে রক্তকরবী নাটকের ৭৫টি প্রদর্শনী করেছি। নাটকে তিনি ছিলেন ‘বীষু পাগল’। এই নাটকে তাঁর প্রতিটি সংলাপ আমার কাছে খুব অর্থবহ বলে মনে হয়। তাঁর মৃত্যুর সংবাদ শোনার পর রাতে একমুহূর্তের জন্যও ঘুমাতে পারিনি। বীষু পাগলের চেহারাটা মনে পড়ছে। রক্তকরবী করতে গিয়ে যুবদার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। নানা স্মৃতি এসে ভিড় করছে। নাটকের সংলাপের মতো খুব বলতে ইচ্ছে করছে, ‘বীষু পাগল, কোথায় তুমি গেলে, বলো তো!’
দূরে কোথায় দূরে...: জয়িতা
১৪ ডিসেম্বর সকালে আমি আর মা (মিতা হক) চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান গেয়েছিলাম। বাবা বাসায় বসে পুরো অনুষ্ঠানটি দেখেছিলেন। বাসায় ফেরার পর বাবা প্রশংসা করলেন। বাবা নিজে খুব ভালো গাইতেন। তাঁর খুব প্রিয় গান ছিল রবীন্দ্রসংগীত ‘দূরে কোথায় দূরে...’, ‘আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা’। শেষের দিকে বাবা আর গাইতে পারতেন না। আজ বাবা নেই, কিন্তু তাঁর গাওয়া গানগুলো আমার কানে বাজছে।
বিনোদন প্রতিবেদক