খালেদ নেই রূপবতী আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০তম প্রদর্শনী একটি নাটকের জন্য বড় ঘটনা। এ ধরনের প্রদর্শনীর আয়োজনে রাজধানীর নাটকের দলগুলো ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে আনন্দ করে। সুবচন নাট্য সংসদের আলোচিত নাটক রূপবতীর ৫০তম প্রদর্শনীতে গতকাল দেখা গেল না আনন্দের প্রকাশ। যাঁর নির্দেশনায় মঞ্চে নাটকটি প্রাণ পেয়েছিল, সেই খালেদ খান এখন আর পৃথিবীতে নেই। তাঁর স্মৃতিধন্য রূপবতী জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে মঞ্চায়ন হলো, কিন্তু তিনি নেই। নাটক দেখে খালেদ খানের স্মৃতি স্পর্শ করলেন মিলনায়তন-ভর্তি দর্শক। খালেদ নেই, রূপবতী আছে, সেটাই সান্ত্বনা।
‘খালেদ খানের স্মৃতির অপূর্ব রূপকথা-রূপবতী’ শিরোনামে খালেদ খান নির্দেশিত ও নাসরীন জাহান রচিত সুবচনের ২৯তম প্রযোজনা রূপবতী নাটকের ৫০তম প্রদর্শনীটি খালেদ খানের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। একই মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছিল ২০০৬ সালের ২৮ জুলাই।
প্রদর্শনীর আগে শুভেচ্ছা বক্তব্য দেন রামেন্দু মজুমদার, নাট্যকার নাসরীন জাহান, ঝুনা চৌধুরী, আকতারুজ্জামান, খালেদ খানের সহোদর শাহীন খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-ইউল্যাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ। বক্তাদের সবার কথায় বারবার উচ্চারিত হয় খালেদ খানের নাম।
রূপবতী নাটকের কাহিনি পরাবাস্তবতার মায়ায় ঋদ্ধ। ৩০০ বছর পর কবর ফুঁড়ে বেরিয়ে আসে এক বংশীবাদক। বংশীবাদক তার স্ত্রীর হত্যাকারীকে খঁুজতে থাকে। তার স্ত্রী রূপবতী ছিল কোকিলকণ্ঠী, কিন্তু তার সমস্যা একটাই ‘ক্ষুধা’। রূপবতী তার বংশীবাদক স্বামীকে ভালোবাসলেও ক্ষুধার কাছে পরাজিত হয়ে সে বন্দী হয়ে পড়ে অশীতিপর জমিদারের ক্ষমতা আর অর্থের হাতে। নাটকে রূপবতী চরিত্রে
অভিনয় করেছেন সোনিয়া হাসান। আরও দুজন অভিনেতা ৫০টি প্রদর্শনীতেই অভিনয় করেছেন—তাঁরা হলেন আসাদুল ইসলাম ও গর্গ আমিন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন: আনসার আলী, তন্ময় সোহেল খান, তানভীর দীপু, ফজলুল হক রাসেল প্রমুখ।