খুচরো খবর

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে জেল পর্যন্ত ঘুরে এসেছেন। তবে সব পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে চান শ্রীশান্ত। ভাবছেন ক্রিকেটের খবর এখানে কেন? শ্রীশান্তের এই নতুন শুরু যে বিনোদন জগতেই। ‘ঝলক দিখলা যা’ দিয়ে নতুন অধ্যায় শুরু করা ভারতীয় বোলার একটি তেলেগু ছবিতে অভিনয় করতে চলেছেন।
চুমু কিংবা ‘উত্তপ্ত’ দৃশ্যে অভিনয় তাঁর জন্য ডালভাত। কিন্তু ইমরান হাশমিকে পর্দায় কাঁদতে দেখা গেছে কি না, এ নিয়ে গবেষণা করতে হবে। ইমরান নিজেও স্বীকার করেছেন, কান্নার অভিনয়ই তাঁর কাছে সবচেয়ে কঠিন মনে হয়।
সাইফ আলী খানের পদ্মশ্রী খেতাব ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে যে খবর রটেছিল, সেটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন কারিনা কাপুর। মিসেস খান বলেছেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনার কথা তাঁদের জানা নেই।
ছবি এখনো মুক্তিই পায়নি, স্রেফ একটা পোস্টার দিয়েই কাঁপিয়ে দিয়েছেন আমির খান। এখন শোনা যাচ্ছে, পিকের এই আলোচিত পোস্টারের ফটোশুট হয়েছিল দুই বছর আগে। ধুম থ্রির জন্য আমির যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময়ই ফটোশুট করা হয়। আর জন্মদিনের পোশাকে হাজির হওয়াটা নাকি আমিরের ইচ্ছাতেই ঘটেছে।
পরবর্তী জেমস বন্ড ছবিতে অভিনয় করছেন ড্যানিয়েল র্যাডক্লিফ! সেটিও ভিলেনের ভূমিকায়! হ্যারি পটার তারকা নিজেই উড়িয়ে দিয়েছেন এই খবর। র্যাডক্লিফ বলেছেন, এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিল জেমস বন্ড ছবিতে অভিনয় করবেন কি না। স্রেফ মজা করে তিনি উত্তর দেন, ‘বন্ড হওয়া সম্ভব নয়। হলে বন্ডের ভিলেন হতে পারি।’
কেটি প্রাইসের স্বামী কাইরন হেলার তাঁর সঙ্গে প্রতারণা করেছেন বলে খবর রটেছে। হেলার নাকি জড়িয়ে গিয়েছিলেন অবৈধ প্রণয়ে। এবার প্রাইস তাই তাঁর স্বামীকে বসালেন ‘লাই ডিটেক্টর’ যন্ত্রের সামনে।
অবশেষে বিপাশা বসু স্বীকার করলেন, হারমান বেওয়াজার সঙ্গে প্রেমের ইনিংস শুরু করেছেন। জন এব্রাহামের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল বিপাশার। আর শুরু থেকেই গোত্তা খাওয়া ক্যারিয়ারটা নিয়ে যুঝতে থাকা হারমান প্রেম করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।
সম্পর্ক—নদীর ভাঙনপ্রবণ হলিউডে আশ্চর্য ব্যতিক্রম তাঁদের সংসার। তবে বিয়ের ১৭ বছর পর এসে জাডা পিনকেট স্মিথ জানালেন, উইল স্মিথকে বিয়ে করা নিয়ে কোনো সংশয় ছিল না তাঁর মনে। তবে সংশয় ছিল তাঁর নামের শেষে ‘স্মিথ’ যুক্ত করাটা হয়তো ভালোভাবে নেবে না ভক্তরা।
২০ বছরের সুদীর্ঘ এক সম্পর্কের ইতি টেনে দিয়েছেন মেল্যানি গ্রিফিথ। ছাড়াছাড়ি হয়ে গেছে অ্যান্টনিও ব্যান্ডেরাসের সঙ্গে। তবে মেল্যানি জানালেন, এ নিয়ে কোনো তিক্ততা নেই তাঁর মনে; বরং সুখেই আছেন।
জেনিফার অ্যানিস্টোন কিনা দরজি! অবাক হওয়ারই মতো তথ্য। অ্যানিস্টোন নিজেই জানিয়েছেন, শরীরের সঙ্গে যেন বেশ মানিয়ে যায়, এ কারণে নিজের টি-শার্ট নিজেই সেলাই করেন।
রা.হা. আইএএনএস, টিওআই অবলম্বনে