খুচরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 হলিউডি দুনিয়ায় বিয়েটা ঠিক টেকসই নয়। বিয়েতে তাই যেন অনেক তারকারই অরুচি। তবে গত বছর কিরা নাইটলি বিয়ের পিঁড়িতে বসেছিলেন জেমস রাইটনের সঙ্গে। ভেবেছিলেন, ‘বিয়ে ব্যাপারটা নিশ্চয়ই অনেক মজার’। এখন পর্যন্ত অবশ্য সুখেই কাটছে তাঁর সংসার।

 অ্যাকশন হিরো তিনি। দুদ্দার ঘা বসিয়ে দফারফা করে দেন ভিলেনকুলের। কিন্তু জ্যাসন স্ট্যাথাম নিজেই মরতে বসেছিলেন। এক্সপেন্ডেবলস থ্রির শুটিং চলার সময় আর একটু হলেই পানিতে ডুবে যেতে বসেছিলেন স্ট্যাথাম।

 রবিন উইলিয়ামসের আত্মহত্যার কারণ নিয়ে এখনো চলছে গবেষণা। রহস্যের কূলকিনারা হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, গত বছর টিভি শো ‘দ্য ক্রেজি ওয়ানস’ এক মৌসুম চলেই বন্ধ করে দেওয়ার পর মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন এই কমেডি তারকা।

 সুজানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু সাবেক শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে ভুলছেন না হৃতিক রোশন। শুধু তা-ই নয়, তাঁদের প্রত্যেকের জন্মদিনেই নিয়ম করে শুভেচ্ছা জানান হৃতিক। সম্প্রতি সুজানের চাচাতো বোন লায়লা খানকেও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

 রুপালি পর্দার মিছেমিছি অ্যাকশন নয়; বরুণ ধাওয়ানের ঘুষিতে সত্যিই বেশ জোর। সম্প্রতি তাঁর এক ঘুষিতে নাক ফাটিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিনয় পাঠক। শ্রীরাম রাঘবনের ছবি বদলাপুর-এর শুটিং চলার সময় বিনয়কে সত্যি সত্যি ঘুষি মেরে বসেন বরুণ।

 বদলে যাচ্ছে বলিউড। অ্যাকশন-রোমান্স আর বিনোদনে ভরপুর ছবির রেসিপির বাইরে এসেও অন্য রকম কিছু করার চেষ্টা করছেন কেউ কেউ। এবার যেমন প্রথমবারের মতো বলিউডে বানানো হয়েছে নির্বাক হরর ছবি। পুরোনো কোনো পোড়োবাড়িতে নয়, মুম্বাই ১২৫ কিমি নামের ছবিটিতে রাস্তায় সব ভুতুড়ে কাণ্ড দেখানো হবে।

 আলিয়া ভাট আর শহীদ কাপুর একে অন্যের মুখ দর্শন করছেন না। তবে কি গোলমাল লেগে গেল তাঁদের মধ্যে? দুজনের তো একসঙ্গে নতুন ছবির কাজ করার কথা! আসলে সেই শানদার ছবির জন্যই দুজনে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
রা. হা.
আইএএনএস, কনট্যাক্ট মিউজিক, টিওআই অবলম্বনে