খুচরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রিয়াঙ্কা চোপড়ার যোগ্য উত্তরসূরির খোঁজ মিলল। না, কৃতী শ্যানন এখনই এমন কোনো কৃতিত্ব দেখাননি যে তাঁকে প্রিয়াঙ্কার জায়গায় বসাতে হবে। তবে হিরোপান্তির এই নবাগতার সঙ্গে মিল আছে প্রিয়াঙ্কার জুতা-প্রীতির। কৃতীও জুতা নিয়ে রীতিমতো পাগলামি করেন। কয়েক শ জোড়া জুতাও নাকি আছে তাঁর।
 একেই বলে সুসময়। সুসময়ের ঘোড়ায় সওয়ার কঙ্গনা রনৌতের ফ্যাশন নিয়ে কম হাসি-ঠাট্টা হয়নি। এখন তাঁর সবকিছুই ভালো লাগছে। পরিণীতি চোপড়া তো এই বলেই রায় দিলেন, কঙ্গনা যা পরেন, তাতেই তাঁকে সুন্দর দেখায়।
 ওমেদেতোও! ভাবছেন এ আবার কিরে বাবা! শ্রীদেবীকে জিজ্ঞেস করুন। ইংলিশ ভিংলিশ দিয়ে শ্রীদেবী যে জাপান জয় করে ফেললেন। গত জুনে মুক্তির পর জাপানে দারুণ চলছে ছবিটি। জাপানিরা বলিউড তারকাকে কুর্নিশ করে বলছেন, ওমেদেতোও। মানে ‘অভিনন্দন’!
 কদিন আগে ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা দেড় কোটি পূর্ণ হয়েছে। সেই আনন্দ টাটকা থাকতেই অমিতাভ বচ্চনের টুইটার অনুসারীর সংখ্যাও এক কোটি পূর্ণ হলো।
 ডনের পিছে ছোটা দুঁদে পুলিশকর্তা তিনি। আর তাঁকেই কিনা আন্ডারওয়ার্ল্ডের হুমকি! সত্যি সত্যিই এমন হুমকি পাওয়ার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে বোমান ইরানির।
 এক কুকুর হারিয়ে যাওয়া নিয়ে এত কাণ্ড! সুরি ক্রুজের কুকুর বলে কথা। অবশেষে টম ক্রুজ-কন্যার হারিয়ে যাওয়া সেই কুকুরের সন্ধান মিলেছে। যা ভাবছেন আসলেই তা-ই, এটাও একটা খবর!
 মন বসে না, না পড়ার টেবিলে নয়, এক ফুলে। ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে ছাড়াছাড়ির পর রবার্ট প্যাটিনসনের কম প্রেমিকার নাম শোনা যায়নি। সেই গুঞ্জনের তালিকায় এবার যুক্ত হলো সংগীতশিল্পী এফকেএ টুইগসের নাম।
 তাঁর রূপ সত্যিই মধুময়। আর সে কারণেই বুঝি অভিনেত্রী ব্ল্যাক লাইলিকে আক্রমণ করে বসল একপাল মৌমাছি! ঘাড়, পিঠ, পা, কপাল, হাত, পা—কিছুই বাদ যায়নি। এত বেশি মধু কিন্তু ভালো না!
 পামেলাকে নিয়ে ঝামেলা তো হবেই। কদিন আগে স্বামী রিক সালোমনের কাছ থেকে বিচ্ছেদ নেবেন বলে ডিভোর্সের আবেদন করলেন। এখন আবার পামেলা অ্যান্ডারসন আবেদন করেছেন আগের আবেদন খারিজ করার!
 রা. হা. আইএএনএস, কনট্যাক্ট মিউজিক, টিওআই, জি নিউজ অবলম্বনে