খুচরো খবর

এত দিন পর আন্তোনিও বান্দেরাসের যে উপলব্ধি হয়েছে, তা মাইকেল মধুসূদন দত্তের উপলব্ধির সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে। নিজ দেশকে এক সময় অবজ্ঞা করার পর দেশের মাহাত্ম্য বুঝে মাইকেল লিখেছিলেন, ‘হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন...’। ৫৪ বছর বয়সী বান্দেরাসও মাইকেলের মতোই ঠিক করেছেন, হলিউডে আর বেশি নয়, এখন থেকে নিজ দেশ স্পেনেই বেশি কাজ করবেন। এখানে ছবি পরিচালনার ইচ্ছাও আছে তাঁর।
শুটিং স্পটে পরিচালকদের জন্য বিভীষিকা হচ্ছে শিল্পীদের নানা রকম বায়নাক্কা। সম্প্রতি শ্যারন স্টোন নাকি এমনই দুঃসহ অভিজ্ঞতা উপহার দিয়েছেন গোল্ডেন বয় ছবির পরিচালক পুপি আভাতিকে। ইতালিয়ান এই পরিচালক এক বুক ক্ষোভ নিয়ে বলেছেন, ‘তাঁর ভাবখানা ছিল এমন, ইতালি তৃতীয় বিশ্বের একটা দেশ।’
•ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের সঙ্গে ইনিংসটা ঠিক ভালো জমেনি। এরপর রাসেল ব্র্যান্ডের সঙ্গে ঘর করছিলেন জেমাইমা খান। কিন্তু সেই ঘরটাও নাকি ভেঙে খানখান হতে চলেছে। দুজন এরই মধ্যে আলাদা হয়ে গেছেন বলেই খবর।
ঘর ভাঙে, ঘর গড়ে—এটাই হলিউড-নদীর নিয়ম। জেনিফার লরেন্স যেমন নতুন সংসার পাততে চলেছেন সংগীত তারকা ক্রিস মার্টিনের সঙ্গে। মাত্রই কদিন আগে দুজনে প্রেম শুরু করেছেন। এখন লরেন্স মার্টিনের সঙ্গে একই বাড়িতে উঠে ঘরকন্না শুরু করেছেন বলে গুঞ্জন।
কেট হাডসনের কথা শুনে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যেতে পারে আপনার। হাডসন যে দাবি করেছেন, তিনি আত্মাদের দেখতে পান! সম্প্রতি একটি টক শোতে এসে হাডসন বলেছেন, শুধু তিনি নয়, তাঁর মাও মৃত মানুষদের দেখতে পান!
আবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে রমেশ সিপ্পিকে। দুই দশক পর পরিচালনায় আসছেন তিনি। ১৯৯৫ সালে সর্বশেষ জমানা দিওয়ানাতে কাজ করেছিলেন সিপ্পি। তাঁর নতুন ছবি শিমলা মির্চ-এ হেমা মালিনী কাজ করবেন। ৩৯ বছর পর সিপ্পির নির্দেশনায় কাজ করছেন হেমা।
রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’-এ সালমান খানের ‘প্রিয়’ প্রতিযোগী হিসেবে সবার নজর কেড়েছিলেন। সালমান তাঁকে তাঁর ছবিতে সুযোগ করে দেবেন বলে কথাও দিয়েছিলেন। সেই কথা সালমান রাখেননি। তবে এলি আভরাম সালমানের সাহায্য ছাড়াই মিকি ভাইরাস ছবিতে অভিষিক্ত হয়েছিলেন। এবার আব্বাস-মাস্তানের মতো পরিচালক জুটির ছবিতেও কাজ করার সুযোগ পেলেন এলি।
বরুণ ধাওয়ান তাঁর ‘বাচপান কি দোস্ত’। দুজনের দোস্তিটা এতটাই পুরোনো, রুপালি পর্দায় একসঙ্গে কাজ করতে গিয়ে এর উপকার-অপকার দুটোই দেখছেন শ্রদ্ধা কাপুর। নতুন ছবির একটা দৃশ্যে বরুণকে সিরিয়াস ভঙ্গিতে চুমু খেতে হবে শ্রদ্ধাকে। শ্রদ্ধার অনুমান, দৃশ্যটা করতে গিয়ে বারবার হাসি পাবে, বারবার দৃশ্যটা কাটও করতে হবে!
টুইটারে প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারী সংখ্যা ৭০ লাখ পেরিয়ে গেল। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনি এই মাইলফলক ছুঁলেন। টুইটারে অনুসারী সংখ্যায় প্রিয়াঙ্কার সামনে আছেন কেবল অমিতাভ বচ্চন (এক কোটি), শাহরুখ খান (৯০ লাখ), আমির খান (৮৪ লাখ) এবং সালমান খান (৮২ লাখ)।
রা. হা.
টিওআই, ইয়াহু অবলম্বনে