খুদে আঁকিয়েদের পুরস্কারের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত ছিল গতকাল বুধবার। তারা ছবি এঁকেছিল বৈশাখে, তার পুরস্কার পেল গতকাল। দারুণ খুশি ওরা।পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল ‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী’ নামের যে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল, তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রদর্শনীর ৮৩টি ছবির মধ্যে একজনকে চ্যাম্পিয়ন, চারটি বিভাগের চারজনকে রানারআপ নির্বাচন করে জুরি বোর্ড। বাকি ৭৮ জনের জন্যও ছিল পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বরেণ্য শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের উপপরিচালক লেখক ফারুক মঈনউদ্দীন, শিশুসাহিত্যিক আলম তালুকদার, কবি রবীন্দ্র গোপ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী প্রমুখ।পুরস্কারপ্রাপ্ত খুদে শিল্পীদের নাম ঘোষণা করেন শিশুসাহিত্যিক আতা সরকার। চ্যাম্পিয়ন পুরস্কার পায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা ইসলাম। রানারআপ চারজন হচ্ছে—সুমাইয়া নুসরাত, সৈয়দ শাহ নূরে রওনাক, আমরিন শাহরিয়ার, নবোদয় সাহা। বাকি ৭৮ জন পায় শুভেচ্ছা পুরস্কার।আয়োজকেরা জানান, এর আগে নির্বাচিত ৮৩টি ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয় যৌথ চিত্র প্রদর্শনী। ওই প্রদর্শনী শেষ হয় ১৫ জুন। প্রদর্শনী শেষে শিশুশিল্পীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। এর মধ্যে চ্যাম্পিয়ন নাফিসা ইসলাম পেয়েছে ১০ হাজার টাকার প্রাইজবন্ড, গোল্ডেন ট্রফি ও সনদ। অন্যদের জন্যও ছিল আকর্ষণীয় পুরস্কার। শিশুদের আঁকাআঁকির প্রতিষ্ঠান পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।আন্তর্জাতিক নজরুল সম্মেলনকাল শুক্র ও আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নজরুল সম্মেলন-২০১১। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।গতকাল বুধবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সারা বিশ্বে নজরুলচর্চা প্রসারিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণা ও অনুবাদে অধ্যাপক কবীর চৌধুরী এবং সংগীত, সাধক ও স্বরলিপিকারে নীলিমা দাশকে নজরুল পুরস্কার-২০১০ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৪ জন বিশিষ্ট ব্যক্তি নজরুল পুরস্কার পেয়েছেন।এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রফেসর উইন্সটন ই. ল্যাংলি ও ড. রাসেল ফেল ম্যাকডারমেটন, নেদারল্যান্ডের ড. পিটার কাস্টার্স, চীনের মিজ ইয়ং ওয়েই মিং এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার অংশ নেবেন। এ ছাড়া শিল্পী হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসবেন সুস্মিতা গোস্বামী, কৃষ্ণা মজুমদার, রামানুজ দাশগুপ্ত। দুই দিনের বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের ১৪ জন শিল্পী অংশ নেবেন।জাতীয় গণসংগীত উৎসবদেশব্যাপী গণসংগীত উৎসবের আয়োজন শেষে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় গণসংগীত উৎসব। গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে উৎসবে সারা দেশ থেকে বাছাইকৃত ৩০টি গণসংগীতের দল ও তিনটি নৃত্যদল অংশ নেবে। উৎসবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা গান করবেন। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণসংগীত সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফকির আলমগীর, সাধারণ সম্পাদক মাহাবুবুল হায়দার মোহন, উৎসব কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ প্রমুখ।