খুদে আঁকিয়েদের পুরস্কারের আনন্দ
জাতীয় জাদুঘরে গতকাল বুধবারের বিকেল ছিল অন্য রকম। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষের মূল প্রবেশপথ দিয়ে ঢুকতেই শোনা গেল শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসের ধ্বনি।মূল মঞ্চের দুই পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিশাল প্রতিকৃতি। কক্ষের ভেতরে শিশুদের আনাগোনা। মাঝেমধ্যে শোনা যাচ্ছিল চিৎকার—‘ওই যে, ওটা আমার ছবি!’ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে খুদে আঁকিয়েরা সঙ্গে আসা অভিভাবকদের দেখিয়ে দিচ্ছিল তাদের আঁকা ছবিটি। গ্যালারি আলোকিত হয়ে আছে খুদে আঁকিয়েদের শতাধিক ছবিতে। নিজেদের আঁকা ছবির প্রদর্শনী নিয়ে শিশুরা দারুণ খুশি।শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হলো সপ্তম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনী। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানার আবেদিন, সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান, প্রতিযোগিতার বিচারক শিল্পী আবুল বারক আলভী, শংকর ধর, পাপড়ি ধর প্রমুখ।অনুষ্ঠানের চারটি শাখায় বিভক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ‘ক’ বিভাগে ফারহান হাসান, ‘খ’ বিভাগে বর্ষা, ‘গ’ বিভাগে রবিন আহমেদ, ‘ঘ’ বিভাগে সওদা মুনতাহা এবং বিশেষ বিভাগে (প্রতিবন্ধী) নুরু ইসলাম প্রথম হয়েছে। বিজয়ীদের স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে।পদাতিকের ‘কালের যাত্রা’পদাতিক নাট্য সংসদ গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ করেছে তাদের নতুন নাটক কালের যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নাটকটি তৈরিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।কালের যাত্রা একটি প্রতীকধর্মী নাটক। রবীন্দ্রনাথের রথযাত্রা ও রথের রশি মিলিয়ে তৈরি করা হয়েছে কালের যাত্রা নাটকটি। বর্তমান সময়ে রাষ্ট্রশাসনে ধর্ম, সেনাশক্তি এবং শিল্পপতিদের জোটবদ্ধতার যে প্রক্রিয়া, তা সমগ্র বিশ্বমানবতার পরিপন্থী। এরই প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে রবীন্দ্রনাথের এই নাটকে।