খুদে চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গণগ্রন্থাগারে মূল ফটকটি নীল কাপড়ে মোড়ানো। পাশেই ইয়া বড় এক হালুম মামা। আরেক পাশে মস্ত ক্যামেরা। ভেতরে ঢুকেই দেখা গেল সব নির্মাতা আর দর্শককে। কারও হাতে ক্যামেরা। কারও হাতে বুম। প্রায় সবাই তারা শিশু। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল গণগ্রন্থাগারের চত্বরটি।
চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে ‘দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে’র উদ্বোধন হয়ে গেল গতকাল বিকেলে। ঢাকবাদনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। কর্মীদের কণ্ঠে ছিল উৎসব সংগীত ‘আলো আমার আলো’। এরপর জাতীয় সংগীতের সঙ্গে অতিথিরা উত্তোলন করেন জাতীয় পতাকা, উৎসব ও সংগঠনটির পতাকা। উড়ানো হয় শান্তির প্রতীক পায়রা, লোগোসমৃদ্ধ বেলুন এবং জ্বালানো হয় প্রদীপ।
উদ্বোধন অনুষ্ঠানের পরে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল আলোচনা পর্ব। উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এখান থেকে ছবি দেখে শিশুরা নতুন নতুন ধারণা পাবে। নিজেদের গঠনের স্বপ্ন দেখার উৎসাহ পাবে।’
বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘এ আয়োজনটি অসাধারণ। এখন দেশে পরীক্ষার্থী বেড়ে গেছে, কিন্তু কোনো শিক্ষার্থী নেই। এটা সবচেয়ে বড় সংকট। একটা বাচ্চা এখন মেশিনের মতো বড় হচ্ছে। ওদের জীবনে ফুল-পাখি নেই।’
সভাপতির ভাষণে মুস্তাফা মনোয়ার বর্তমান শিক্ষাব্যবস্থার খারাপ দিক তুলে ধরে বলেন, ‘শিশুশিক্ষার বড় উপকরণ হলো কল্পনার বিস্তার ঘটানো। এটাই এখন শিক্ষাব্যবস্থার মধ্যে নেই। রবীন্দ্রনাথ অনেক আগেই বলেছিলেন, রূপকথার একটি স্কুল খোলা দরকার। যেখানে দাদিমা দিদিমারা গল্প করবে। এখন তো মায়েরাও গল্প বলা ভুলে গেছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ। বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্মাতা মোরশেদুল ইসলাম, অ্যাকসেস টু ইনফরমেশনের কর্মকর্তা ফারুক আহমেদ, উৎসব পরিচালক আবির ফেরদৌস।