খুদে বাকশিল্পীদের বড় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার খই ফুটছিল যেন সবার মুখে মুখে। কেউ কারও চেয়ে কম নয়। তুখোড় বাকশিল্পী প্রত্যেকেই। স্পষ্ট উচ্চারণে আবৃত্তি করে গেল শিশু আবৃত্তিকারেরা। ‘মোরা বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত শতদল’ স্লোগানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী ওয়াহিদুল হক জাতীয় শিশু আবৃত্তি উৎসবের গতকাল শনিবার ছিল শেষ দিন। সকাল থেকেই খুদে বাকশিল্পীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তন। এ দিন প্রথম আলো বন্ধুসভার খুদে বাকশিল্পীরা আবৃত্তির মাধ্যমে মুগ্ধ করে দর্শকদের।শেষ দিন ঢাকা ও ঢাকার বাইরের ২৩টি আবৃত্তি সংগঠনের শিশুরা আবৃত্তি পরিবেশন করে। এর মধ্যে ছিল ঢাকার কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, হূদয়বৃত্তি সাংস্কৃতিক সংঘ, শব্দাঙ্গন, কল্পরেখা, প্যারেন্টস ফোরাম ফর ডিফরেন্টলি অ্যাবল, আবৃত্তি একাডেমী, তক্ষশীলা বিদ্যায়তন, মাদল, শিল্পবৃত্ত, ঢাকা স্বরকল্পন, সাম্পান, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা, দৃষ্টি, প্রথম আলো বন্ধুসভা ও নবকণ্ঠ। এ ছাড়া ছিল নারায়ণগঞ্জের কথন আবৃত্তি সংগঠন, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, ষড়জ সাংস্কৃতিক অঙ্গন, চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্র ও ষড়ঙ্গ একাডেমী, ঝিনাইদহের বনলতা আবৃত্তি চর্চা কেন্দ্র (মহেশপুর) এবং কুড়িগ্রাম নাগেশ্বরীর কথক।