খুদে ভক্তের জন্য জেটির 'হ্যাপি বার্থডে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন টিম্বারলেক
জাস্টিন টিম্বারলেক

অটিজমে আক্রান্ত ছোট্ট জুলিয়ানের অষ্টম জন্মদিনটি একেবারেই আলাদা। প্রিয় শিল্পী জাস্টিন টিম্বারলেকের লাইভ কনসার্ট দেখার আবদার করেছিল সে। ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এসএপি সেন্টারে আয়োজিত কনসার্টে গান করেন টিম্বারলেক। সেখানে জুলিয়ানকে নিয়ে যান তার মা মারিকা রোসেনথাল ডেলান। কিন্তু তখনো পর্যন্ত তাঁরা ধারণা করতে পারেননি দিনটি তাঁদের জন্য কতটা স্মরণীয় হতে যাচ্ছে। প্রিয় শিল্পীর মতো ফেডোরা হ্যাট আর বো-টাই পরেই কনসার্ট দেখতে যায় জুলিয়ান।
কনসার্টের মাঝে জুলিয়ান চিৎকার করে বলেছিল, ‘আজ আমার জন্মদিন! এটা আমার উপহার! আই লাভ ইউ জেটি!’ তখন আশপাশের দর্শকেরা টিম্বারলেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। টিম্বারলেক গান থামিয়ে ‘হ্যাপি বার্থডে’ সুর ধরতেই তাতে যোগ দেয় উপস্থিত ২৫ হাজার দর্শক।

জুলিয়ান
জুলিয়ান

পরে এক ওয়েবসাইটে জুলিয়ানের মা জানান, তিনি কিছুটা চিন্তিত ছিলেন যে জুলিয়ানের গান ও চেঁচামেচি পাশে বসে থাকা ‘মডেলদের মতো দেখতে’ মেয়েদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে কি না। কিন্তু তিনি লক্ষ করলেন, সব দর্শক তাঁর সন্তানের মাঝে এক নিষ্পাপ সৌন্দর্য দেখতে পেয়েছিল, তার প্রতিবন্ধকতাটুকু নয়। সেদিন ওখান থেকে বের হতে ঘণ্টা খানেক লেগে যায় জুলিয়ান আর তার মা-বাবার। সেখানে সবাই মিলে হাই-ফাইভ আর অভিবাদন জানাচ্ছিল জুলিয়ানকে। তাদের পাশে থাকা এক দর্শক ফোনে ভিডিও করে নেন পুরো ঘটনা আর তা দিয়ে দেন জুলিয়ানের বাবা পিটার ডেলানকে। পরে জানা গেছে, ইউটিউবে পোস্ট করা ভিডিওটি প্রথম পাঁচ দিনে এক লাখের বেশি বার দেখা হয়েছে।
ফাহমিম ফেরদৌস
ইয়াহু মিউজিক অবলম্বনে