খুদে শিল্পীদের ক্যানভাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে শিশু চিত্রাঙ্কন প্রদর্শনীতে খুদে আঁকিয়ে ও দর্শক l ছবি: সংগৃহীত
জাতীয় জাদুঘরে জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে শিশু চিত্রাঙ্কন প্রদর্শনীতে খুদে আঁকিয়ে ও দর্শক l ছবি: সংগৃহীত

রং আর তুলির খেলায় মেতেছিল ওরা। ওদের কোমল হাতের পরশে উঠে এসেছে আবহমান বাংলার নানা বিষয়। উঠে এসেছে বাঙালির বীরত্বগাথা একাত্তরের মহাকাব্যিক মুক্তিযুদ্ধ। খুদে শিল্পীদের চিত্রিত এমন বৈভবময় নানা চিত্রকর্ম এখন শোভা পাচ্ছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের বারান্দার দেয়ালজুড়ে। এখানে চলছে শিশুশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী। জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হলো দুই দিনব্যাপী এ প্রদর্শনী। এটি আর্ট স্কুলের নবম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বাছাইকৃত ছবির প্রদর্শনী।
সারা দেশ থেকে চারটি বিভাগে ৩ থেকে ১৬ বছরের চার হাজার শিশুশিল্পী অংশ নেয় এই প্রতিযোগিতায়। বিচারকদের বাছাইয়ের মাধ্যমে সেখান থেকে চূড়ান্ত প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য মনোনীত হয় ২০০ খুদে শিল্পীর ২০০টি চিত্রকর্ম।

বিকেলে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শনীর আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিল আর্ট স্কুলের খুদে শিল্পীদের নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, নরওয়ের রাষ্ট্রদূত মেরিটি লুনডিমু, সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রোকেয়া সুলতানা ও এ এস এম মাইনুদ্দিন মোনেম। সভাপতিত্ব করেন জয়নুল আবেদিন আর্ট স্কুলের পরিচালক শংকর ধর। আজ বুধবার প্রদর্শনীর শেষ দিন। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।