খুদে শিল্পীদের বাছাই ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চিত্রশালা মিলনায়তনে অতিথিদের কাছ থেকে ১০ম শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার নিচ্ছে একজন খুদে আঁকিয়ে l ছবি: প্রথম আলো
জাতীয় চিত্রশালা মিলনায়তনে অতিথিদের কাছ থেকে ১০ম শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার নিচ্ছে একজন খুদে আঁকিয়ে l ছবি: প্রথম আলো

ছবিটির সামনে এসে থমকে যেতে হলো। একটি ছবির দুটি অংশ। প্রথমটিতে ব্যস্ত সড়কের পাশে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে একটি শিশুকে। পরের অংশে শিশুটিকে পেটাচ্ছে কয়েকজন, শিশুর সারা শরীর রক্তাক্ত। ছবিটি দেখে বুঝতে বাকি থাকে না, এটি শিশু রাজনের সেই ভয়াবহ ঘটনার দৃশ্যকাব্য। ছবিটি এঁকেছে টঙ্গীর খুদে আঁকিয়ে রফিউল ইসলাম। জয়নুল আবেদিন আর্ট স্কুল আয়োজিত দশম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ঘ’ বিভাগে এ ছবিটির জন্য ব্রোঞ্জ পদক পেয়েছে ওই খুদে শিল্পী।
খুদে শিল্পীদের চিত্রিত এমন বৈভবময় নানা চিত্রকর্ম এখন শোভা পাচ্ছে জাতীয় চিত্রশালার দেয়ালজুড়ে। এখানে চলছে শিশুশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী। জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয় দুই দিনব্যাপী এ প্রদর্শনী। এটি আর্ট স্কুলের দশম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বাছাইকৃত ছবির প্রদর্শনী।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে দুই দিনব্যাপী দশম শিশু চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেনস ব্লুম বার্নিকাট, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মারিটি লুনডিমু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান, চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চিত্রশিল্পী সাবিহ-উল আলম, সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, এ এস এম মাইনুদ্দিন মোনেম প্রমুখ। বক্তারা খুদে শিল্পীদের হাতে পদক তুলে দেন। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে শংকর ধর ধন্যবাদ জানান। তিনি সংগঠনের পক্ষ থেকে সিলেটে নিহত শিশু রাজনের বাবার হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে ছিল জয়নুল আবেদিন আর্ট স্কুলের খুদে শিক্ষার্থীদের ‘জাগরণে যায় বিভাবরী’, ‘তোমার খোলা হাওয়া’ ও ‘মম চিত্তে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনা।