খুলনায় নৃত্য উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৃত্যছন্দ আনুক জীবনে সম্ভাবনার দিন’ শিরোনামে আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় খুলনা নৃত্য উত্সব। খুলনার জিয়া হলে অনুষ্ঠিত হবে দেশের ছয়টি বিভাগের সহস্রাধিক নৃত্যশিল্পীর এক মিলনমেলা। তিন দিনের এই উত্সবের আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার খুলনা শাখা। আজ সকাল ১০টায় নৃত্যশিল্পীদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উত্সবের সূচনা ঘটবে। সন্ধ্যায় প্রবীণ নৃত্যশিল্পী বজলুর রহমান, রাহিজা খানম, লায়লা হাসানকে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে রাজশাহী ও ঢাকা বিভাগের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। নবীন শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রয়াত শিল্পী শরিফুল ইসলামের নামে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাল শুক্রবার। সন্ধ্যায় ডালিয়া মাকসুদ ও অনিল কিষণ সিংহকে সম্মাননা এবং সিলেট ও বরিশাল বিভাগের শিল্পীদের পরিবেশনায় থাকবে নৃত্যানুষ্ঠান। ১৬ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে নৃত্যবিষয়ক সেমিনার। প্রবন্ধ পাঠ করবেন সোমা মুমতাজ। ওই দিন সন্ধ্যায় প্রবীণ নৃত্যশিল্পী শারমিন হোসেন ও বরেন্দ্র বিশ্বাসকে সম্মাননা জানানো হবে। থাকবে চট্টগ্রাম ও খুলনা বিভাগের নৃত্যশিল্পীদের পরিবেশনা। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার খুলনা বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‘আমরা দ্বিতীয়বারের মতো এত বড় উত্সবের আয়োজন করছি। নৃত্যচর্চার পেশাগত মানোন্নয়ন, পাঠ্যক্রমে নৃত্য অন্তর্ভুক্তকরণ, প্রাতিষ্ঠানিক চর্চাকে এগিয়ে নেওয়াই আমাদের উদ্দেশ্য।’