খুলনায় নৃত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৃত্যছন্দ আনুক জীবনে সম্ভাবনার দিন’—স্লোগান সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী খুলনা নৃত্য উৎসব ২০১০। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে ১৪ জানুয়ারি সকালে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নৃত্য উৎসবের সূচনা করা হয়। রং-বেরঙের নৃত্য পোশাকে বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে ধারণ করে নগরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আব্বাসউদ্দিন একাডেমি থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটি যখন নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল, তখন সড়কের দুই পাশে বিভিন্ন বয়সের উৎসুক মানুষ ভিড় করে সে দৃশ্য দেখছিল আনন্দসহকারে। ১৪ জানুয়ারি বিকেলে নগরের জিয়া হলে দ্বিতীয় পর্বে সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ডলি রহমান। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা নাজমা বেগম ও ঊষা রানী সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি সাজু আহমেদ ও নৃত্যশিল্পী সংস্থার খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাচ্চু। দেশে নৃত্যাঙ্গনে বিশেষ অবদান রাখায় বেগম লায়লা হাসান (ঢাকা), বেগম রাহিজা খানম (ঢাকা), বজলুর রহমান (রাজশাহী) ও বরেন্দ্র কুমার বিশ্বাসকে (খুলনা) সংবর্ধিত করা হয়। পরে খুলনা, ঢাকা, রাজশাহী ও ফরিদপুরের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। উৎসবের দ্বিতীয় দিনে নৃত্যগুরু শরীফুল ইসলাম স্মৃতি নৃত্য প্রতিযোগিতা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে নগরের জিয়া হলে দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা সদর আসনের সাংসদ নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম। বিকেলে সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও নৃত্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ডলি রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি সুবর্ণা দাস।অনুষ্ঠানে নৃত্যশিল্পে বিশেষ অবদান রাখার জন্য অনিল কিষণ সিংহ, ডালিয়া মাকসুদ ও সাজেদুর রহমানকে সংবর্ধিত করা হয়। পরে খুলনা, সিলেট, বরিশালসহ বিভিন্ন জেলার নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।অনুষ্ঠানের শেষ দিনে জিয়া হলে নৃত্যে অবদান রাখায় খ্যাতনামা নৃত্যজনদের সংবর্ধনা দেওয়া হয়। ‘বাংলাদেশের নিজস্ব নাচের আঙ্গিক বিকাশের সম্ভাবনা ও অন্তরায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. গোলাম মোস্তফা খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো, গোলাম মোস্তফা। প্রবন্ধের ওপর আলোচনা করেন বিশিষ্ট কথক নৃত্যগুরু সাজু আহমেদ, সংগীতজ্ঞ কালীপদ দাস, বিশিষ্ট নৃত্য গবেষক মেহেদী হাসান ও বি এল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. আবদুল মান্নান। সন্ধ্যায় সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ এইচ জেড এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি সাজু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ডলি রহমান। নৃত্যশিল্পে বিশেষ অবদান রাখার জন্য বেগম শারমীন হাসানকে সংবর্ধিত করা হয়।