খুলনায় যাত্রা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের হূদয় হতে’ স্লোগান নিয়ে গত শুক্রবার রাতে খুলনা মহানগরের শহীদ হাদিস পার্কে শুরু হয়েছে ১০ দিনের যাত্রা উৎসব। সরকারি বিশেষ প্রকল্পের আওতায় বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আয়োজিত উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘যাত্রাশিল্প মানুষের সুকুমার বৃত্তিকে জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিলুপ্তপ্রায় যাত্রাশিল্পের উন্নয়ন ও বিকাশে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিভাগীয় কমিশনার মসিউর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি রমজান আলী মিয়া। উৎসবে ১০টি পালা মঞ্চায়িত হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটায় পালা শুরু হবে। উদ্বোধনী দিনে আনন্দ অপেরা পরিবেশন করে ঐতিহাসিক যাত্রাপালা সোহরাব রুস্তম। বিপুলসংখ্যক দর্শক পালা উপভোগ করেন। গতকাল শনিবার মঞ্চস্থ হয় আদি বলাকা অপেরার মেঘে ঢাকা তারা। আজ রোববার মঞ্চস্থ হবে আর্য অপেরার মা-মাটি-মানুষ, ১১ এপ্রিল অগ্রগামী নাট্য সংস্থার আনারকলি, ১২ এপ্রিল নিউ রংমহল অপেরার নিহত গোলাপ, ১৩ এপ্রিল আদি রাজমহল অপেরার কলঙ্কিনী কেন কংকাবতী, ১৪ এপ্রিল সংগ্রাম যাত্রা ইউনিটের চরিত্রহীন, ১৫ এপ্রিল পূর্বাশা যাত্রা ইউনিটের অশ্রু দিয়ে লেখা, ১৬ এপ্রিল মৌসুমী অপেরার জন্ম-রক্তে জননী পূজা এবং ১৭ এপ্রিল সমাপনী দিনে পরিবেশিত হবে অগ্রগামী যাত্রা ইউনিটের মা হলো বন্দী।