খুলল ময়মনসিংহের যাত্রাজট
অবশেষে বৃহত্তর ময়মনসিংহের যাত্রাজট খুলল। রাত হলেই যাত্রাগানের সনাতনি কনসার্ট বেজে উঠছে গ্রাম থেকে শহরের বিভিন্ন যাত্রা প্যান্ডেলে। উজানের ত্রিশাল থেকে নেত্রকোনার ভাটি অঞ্চলজুড়ে চলছে যাত্রাগান। শীতের রাতে জবুথবু হয়েও শ্রোতারা রাতভর যাত্রা দেখছে। এতটুকু ক্লান্তি নেই কারও চোখে।ত্রিশালে যাত্রার ব্যাপক আয়োজন, দৃষ্টিনন্দন প্যান্ডেল। আছে নিরাপত্তা। চ্যালেঞ্জার অপেরার গান শেষে এসেছে সিজার্স যাত্রা ইউনিট। দুটি দলই যশোরের। চ্যালেঞ্জারে ওয়াসিম আসকর-পারুল জুটি আর সিজার্সে শফি-আম্বিয়া। ময়মনসিংহ শহরের বাণিজ্য ও শিল্পমেলায় এ পর্যন্ত চারটি দলের যাত্রা হয়েছে। বর্তমানে একটি গীতি যাত্রার দল গান করছে। নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গেন্ডা বাজারে গাইছে আদি বঙ্গশ্রী অপেরা। দলটি ফরিদপুরের নিবন্ধনকৃত। সংগঠিত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে। সর্বাধিনায়ক মাসুদ শরীফ। জেনারেল ম্যানেজার সুমন্ত সাহা। জুটি হচ্ছেন প্রফুল্ল চন্দ্র রায় (যাত্রায় পিসি রায়খ্যাত) লতিফা বেগম। পালা নির্দেশনাও দিয়েছেন প্রফুল্ল চন্দ্র। তৃতীয় রজনীর পালা মঞ্চায়নে দেখা গেল, আদি বঙ্গশ্রী আদি রূপেই রয়েছে। যাত্রায় যে আচার-অনুষ্ঠানগুলো পালন করা হয়, তার সবই দলে অনুসরণ করা হচ্ছে। এ রাতের পালা ছিল ফাঁসির মঞ্চে। আনন্দময় বন্দ্যোপাধ্যায় রচিত এই পালার মূল কাহিনি হচ্ছে বামপন্থী আন্দোলনকে ঘিরে। পালা দেখে ফেরা দর্শক কামাল বলেন, পালায় শিক্ষার এত উপকরণ থাকে? শিক্ষা, দেশপ্রেম, ভ্রাতৃত্ব, জাতীয় জাগরণ—সবই তো রয়েছে পালায়। এমন পালা পরিবারের সবাইকে নিয়ে দেখা উচিত। তিনি দলের পালা পরিবেশনায় খুশি হলেও নাচ দেখে দুঃখ প্রকাশ করেন।এ দলে উল্লেখযোগ্য শিল্পীরা হচ্ছেন: দেবাশীষ, বিকাশ চন্দ্র সরকার, আশুতোষ বিশ্বাস, শংকর কুমার দে, রামপদ সেন, শ্রীবাস ডাকুয়া, ফারহানা কবির, সুনিল শিকদার, সমীর চন্দ্র চক্রবর্তী, প্রশান্ত ব্যানার্জি, তাপস ঘোষ, মথুরেশ সরকার, কবির হোসেন, মাধবীলতা, মৌসুমি কবির, বিউটি রানী, নৃত্য শিক্ষক পাখি খান।জেলার মদন থানার হাসনপুরে শেষ হলো চৈতালি অপেরার গান। দর্শককে যাত্রামুখী করতে দলের নট-নির্দেশক হাবিব সারোয়ার নিত্যনতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণ-আন্দোলন বিষয়ে কোরিওগ্রাফি দেখানো হচ্ছে পালা শুরুর আগে, তাতে আকর্ষণ বাড়ছে। এই প্যান্ডেলের প্রধান আয়োজক এবং আয়োজক কমিটির সভাপতি এনামুল হায়দার জানান, দলটি পালা গানে প্রতিদিন নতুনত্ব আনছে। দল বায়নার সময় যে পালাটি আমরা দেখেছিলাম, সেটি এই প্যান্ডেলে আবার অন্য রকম দেখলাম। এতে দর্শক-শ্রোতা নতুনের স্বাদ পাচ্ছে। এ প্যান্ডেলে শেষ রাতের পালা নবাব সিরাজ-উদ-দৌলায় দেখা গেল, পালা নির্দেশক হাবিব সারোয়ার শুরুতে ১৭৫৭ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি ধারাভাষ্য দিচ্ছেন। গ্রন্থনাটি এতই ধারালো, সেটি যখন নেপথ্য থেকে অভিনয়ের ধাঁচে পাঠ করা হচ্ছিল, তখন উপস্থিত শ্রোতারা উদ্বেলিত হয়ে ওঠে। মুহুর্মুহু করতালি দিয়ে অভিনন্দন জানায় তারা। কিশোরগঞ্জের তিনটি উপজেলায়, জামালপুর সদর, সরিষাবাড়ী ও নান্দাইলে ধারাবাহিকভাবে চলছে গীতিনাট্য যাত্রাগান এবং লেভেল দলের পালা।