খেপেছেন পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিউরি ছবিতে ব্র্যাড পিট
ফিউরি ছবিতে ব্র্যাড পিট

শাহরুখ খান কি ব্র্যাড পিটকে ধন্যবাদটা দিয়ে দিয়েছেন? নাকি পিটই ধন্যবাদ দেবেন শাহরুখকে? নাকি দুজনেরই উচিত দুজনকে ধন্যবাদ জানানো?
২৪ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পিটের নতুন ছবি ফিউরির। ভারত এখন হলিউডের অনেক বড় বাজার। আর সেই বাজার ধরতে হিন্দিতে ডাব করে হলিউডের ছবিগুলোর মুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু ফিউরির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহ। কারণ আর কিছুই নয়, ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে শাহরুখের ছবি হ্যাপি নিউ ইয়ার ।
তবে শাহরুখকে ভয়ই পেয়ে গেলেন? হাজার হোক বলিউড শাহরুখেরই ডেরা। আর বাঘের ডেরায় ঢুকে বাঘের মুখোমুখি না হওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে বিষয়টি এভাবে না দেখাই ভালো। বরং একই জগতের ভিন্ন দুই মানচিত্রের দুই তারকা একে অন্যের ওপর ভাগ না বসানোর সৌজন্য দেখিয়েছেন। শাহরুখ চাইলে ধন্যবাদ জানাতেই পারেন পিটকে।
পিটেরও উচিত শাহরুখকে ধন্যবাদ জানানো। কারণ, হিন্দিতে ডাব করা ফিউরির নাম দেওয়া হয়েছে ‘ফৌজি’। শাহরুখ-ভক্তদের কানে ফৌজি শব্দটা অনুরণন তুলতে পারে। আশির দশকে ফৌজি নামের টিভি নাটক দিয়েই রাতারাতি পরিচিতি পেয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই তাঁর উত্থান।
‘ফিউরি’ শুনলে মনে হয় কী ভীষণ রেগে আছেন পিট। তবে ‘ফৌজি’ শুনলে আন্দাজটা করা যায়। ঠিকই ধরেছেন। এটা যুদ্ধের ছবি। প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪৫ সালের এপ্রিল। যখন নাৎসি বাহিনীর ওপর শেষ মরণকামড় বসাতে চলেছে মিত্র শক্তি।
পিটের চরিত্রটির নাম ওয়ারড্যাডি। যুদ্ধের বাবা বলতে পারেন। বোঝাই যাচ্ছে, ভীষণই দুঃসাহসী এক কমান্ডার তিনি। দুঃসাহসী না হলে কি মাত্র পাঁচজনের একটা দল আর একটা শেরমান ট্যাংক নিয়ে ঢুকে পড়েন শত্রুসীমায়? চারদিক থেকে ঘিরে ধরা শত্রুপক্ষ। বৃষ্টির মতো গোলা আর গুলির বর্ষণ। এরই মধ্যে একটা শেরমান ট্যাংক আর পাঁচজনের কমান্ডো বাহিনী নিয়ে এগোচ্ছেন পিট। লক্ষ্য একটাই, নাৎসিদের হৃৎপিণ্ড এফোঁড়-ওফোঁড় করে দেওয়া। ওয়ারড্যাডি কি পারবেন?
ছোট একটা দল নিয়ে নাৎসি বাহিনীর ওপর চড়াও হওয়ার এই গল্প, সেই সঙ্গে পিট—সব মিলিয়ে ভক্তদের মনে নিশ্চয়ই উঁকি দিয়ে যাচ্ছে ইনগ্লোরিয়াস বাস্টার্ড ছবিটা। সেখানেও লেফটেন্যান্ট অ্যালডো তার ছোট্ট একটা কমান্ডো বাহিনী নিয়ে নাৎসিদের নির্মম শিক্ষা দিয়েছে। নাৎসিরা যত ভয়ংকর, ‘বাস্টার্ড’রা তার চেয়েও বেশি ভয়ংকর, নির্মম!
কিন্তু এই দুই ছবির মধ্যে মিল খুঁজলে ভুল করা হবে। ইনগ্লোরিয়াস বাস্টার্ডস কুইন্টিন ট্যারেন্টিনোর ছবি। আর ফিউরি পরিচালনা করেছেন ডেভিড আয়ার। ট্যারেন্টিনোর সঙ্গে কি আর আয়ারের তুলনা চলে? পরিচালক আয়ার খুব পুরোনোও কেউ নন। এর আগে মাত্র চারটা ছবি বানিয়েছেন। তবে চলচ্চিত্রপ্রেমীদের কাছে নামটা অবশ্যই পরিচিত। ক্যারিয়ারের শুরুতেই ট্রেনিং ডের মতো ছবির গল্প লিখেছিলেন। ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস-এর যাত্রাপথের শুরুতেও ছিলেন। সিরিজের প্রথম ছবির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে।
ফিউরিতে পিটের পাশাপাশি আছেন শিয়া ল্যাবাফও। আছেন স্কট ইস্টউড। নামটা শুনে ঠিকই আন্দাজ করেছেন। স্কট ক্লিন্ট ইস্টউডের ছেলে।
ভারতে দেরিতে মুক্তি পেলেও সারা বিশ্বে ফিউরি মুক্তি পাচ্ছে কাল শুক্রবার।
রাজীব হাসান
হলিউড লাইফ অবলম্বনে