খেলা জমবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবির পোস্টার
এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবির পোস্টার

বলিউডের গত কয়েক বছরের হিসাবের খাতায় চোখ বুলালেই বোঝা যাবে, সময়টা এখন ‘বায়োপিক’-এর। অর্থাৎ জীবনীনির্ভর ছবির। বিশেষ করে খেলার মাঠের তারকাদের জীবনীগুলো তো এখন বলিউডের ‘হটকেক’ হয়ে উঠেছে। হোক সে বক্সিং রিংয়ের মেরি কম, দ্রুতগতির মিলখা সিং কিংবা কুস্তির ময়দানের সুলতান আলী খান—সত্যিকারের মানুষগুলোর মতোই তাঁদের সেলুলয়েডের জীবনটাও দারুণ সফল। ছবিগুলোর বক্স অফিস আয় তো তা-ই বলে। খেলোয়াড়দের নিয়ে ছবি বানানো অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। তাই তো এবার বলিউডের মাঠে ছক্কা হাঁকাতে আসছে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির সেলুলয়েড অবতার। আগামীকাল মুক্তি পাচ্ছে এ তারকার জীবনীনির্ভর ছবি এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি।

ধোনি ও সুশান্ত
ধোনি ও সুশান্ত

বলা হয়ে থাকে, ভারতীয়রা বলিউড আর ক্রিকেট বলতে একেবারেই অন্ধ। তাই এ দুটো বিষয় যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন তা তো হয়ে ওঠে ইতিহাস। এই যেমন লগান ছবিটার কথাই ধরুন না। ক্রিকেট নিয়ে তৈরি এ ছবি ভারতজুড়ে কতটা উন্মাদনাই-না ছড়িয়েছিল। ক্রিকেট আর বলিউডের সফল মিশেলের আরেকটি সাম্প্রতিক উদাহরণ টানা যাক। এ বছর মুক্তি পেয়েছে ক্রিকেটার আজহারউদ্দিনের জীবনী অবলম্বনে ছবি আজহার। তাতে অভিনয় করেছেন এমরান হাশমি। বেশ কয়েক বছর ধরে এ অভিনেতার বাজে সময় চলছিল। কিন্তু এই আজহার দিয়ে লম্বা সময় পর যেন লক্ষ্মীর মুখ দেখলেন এ অভিনেতা। একেবার বক্স অফিস কাঁপানো ব্যবসা করেনি ছবিটি। তবে হাশমির গত চার বছরে মুক্তি পাওয়া সব ছবির চেয়ে অনেক ভালো ব্যবসা করেছে আজহার। মুক্তির প্রথম দিনে প্রায় ২০ কোটি রুপি আয় করে ছবিটি ২০১৬ সালে মুক্তি পাওয়া এক দিনে সর্বোচ্চ আয় করা ছবির তালিকার ৯ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে।

অনেক বছর আগে সাবেক হওয়া ক্রিকেটার আজহারউদ্দিনকে নিয়ে বানানো ছবি যদি এতটা আয় করতে পারে, তাহলে ধোনির জনপ্রিয়তা তো এখনো তরতাজা। তাই ছবিটি নিয়ে অনেকটাই নিশ্চিন্ত এর শিল্পী, কলাকুশলী, পরিচালক ও প্রযোজকেরা। যদিও এ ছবির গান তেমনভাবে সাড়া ফেলেনি বাজারে, এরপরও খুব একটা দুশ্চিন্তায় নেই এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির কুশীলবেরা।

এবার একটু মজার তথ্য দেওয়া যাক। এ ছবির মধ্য দিয়ে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি গড়েছেন এক নতুন ইতিহাস। ছবিতে অভিনয় না করেও তিনি এ ছবির জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা। নিজের জীবনী, ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহ ও ছবির প্রচারণার সঙ্গে সরাসরি যুক্ত হওয়া বাবদ ধোনি ৪৫ কোটি রুপি সম্মানী নিয়েছেন। আর ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত পারিশ্রমিক নিয়েছেন ২ কোটি রুপি। তা ছাড়া ধোনির বিজনেস ম্যানেজার অরুন পান্ডে নিজে এ ছবির একজন প্রযোজক। তিনি নিজে এ ছবি বাবদ নিয়েছেন ৫ কোটি রুপি। তাই সব মিলে ছবিটি নিয়ে এখন বলিউডপাড়ায় দারুণ উত্তেজনা। নায়ক হওয়ার সুবাদে সুশান্ত তো ছুটছেনই, সেই সঙ্গে ছুটছেন খেলোয়াড় ধোনিও। কারণ, ২২ গজের তারকাকে এখন বড় পর্দায়ও তো মাত করতে হবে। অভিনয় না করলেও গল্পের নায়ক তো আসলে তিনিই।

আনন্দ ডেস্ক

বলিউড হাঙ্গামা, ইন্ডিয়া টাইমস ও স্কুপহুপ অবলম্বনে