খেলা দেখার ফাঁকে আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ মাস আগের কথা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা বিশ্বব্যাপী। বাংলাদেশেও সেই উন্মাদনার উত্তাপ। সেদিন ছিল আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা। অনেকটা হঠাৎ করেই মধ্যরাতে নিজের বাসায় সতীর্থদের খেলা দেখার আমন্ত্রণ জানান হাকিম-জিনাত দম্পতি। আফসানা মিমি, ফেরদৌস, তারিন, সুইটিসহ আর অনেকের সঙ্গে সেদিন সেখানে উপস্থিত ছিলেন সেলিম-রোজী দম্পতিও। ওই রাতেই উপস্থিত সবাইকে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলাটি তাঁর বাসায় দেখার আগাম দাওয়াত দিয়ে রাখেন শহীদুজ্জামান সেলিম।বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলা বাংলাদেশ বনাম ভারত। তাই ১৭ ফেব্রুয়ারি ফোন করে সবাইকে সেই দাওয়াতের কথা মনে করিয়ে দিলেন সেলিম—১৯ ফেব্রুয়ারি দুপুর থেকে রাত পর্যন্ত থাকতে হবে।কিন্তু এতটা সময় সব কাজ বাদ দিয়ে থাকা সম্ভব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, সবাই একসঙ্গে বসে খেলা দেখবেন সন্ধ্যার পর থেকে।বাংলাদেশ-ভারতের খেলার টিকিট পেয়েছিলেন সেলিম। স্ত্রী রোজী আর দুই মেয়েকে সঙ্গে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন স্টেডিয়ামে। ভারতের ব্যাটিংয়ের অংশটুকু দেখে ফিরে এলেন বাসায়। গায়ে বাংলাদেশের পতাকা জড়ানো আর গালে বাংলাদেশের পতাকা আঁকা।বাসায় ঢুকেই ব্যস্ত হলেন মুঠোফোন নিয়ে। ফোন করে সবার খোঁজখবর নিচ্ছেন—কে কখন আসবেন। স্ত্রী রোজী সেলিম ব্যস্ত চা-নাশতা আর রাতের খাবারের আয়োজন নিয়ে।অল্প সময়ের মধ্যেই গুলশান নিকেতনে সেলিমের বাসার বসার ঘরটি হয়ে ওঠে তারকার হাট। আজিজুল হাকিম-জিনাত হাকিম, মৌ, তারিন, মীর সাব্বির, ফারুক আহমেদ, হিল্লোল, অনিমেষ আইচ।সবার শেষে এলেন জাহিদ হাসান। তিনি যখন বেল বাজালেন, তখনই একটা ছক্কা হলো। ওটাই ছিল ওই দিন বাংলাদেশের শেষ ছক্কা। বাংলাদেশ হেরে যাচ্ছে নিশ্চিত, তাতে কী, বাংলাদেশের ছেলেরা তো ছক্কা মেরেছে। সবাই একসঙ্গে চিৎকার করে উঠলেন।জাহিদ বাসায় ঢুকেই চিৎকারের কারণ জানতে চান। সবাই বললেন, ‘জাহিদ ভাই, আপনি আবার বেল বাজান। তাহলে আরেকটা ছক্কা হবে।’জাহিদ আবার দরজার বাইরে গিয়ে বেল বাজালেন। কিন্তু ঝড়ে বক মরল না। কোনো রানই হলো না।জাহিদকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলেন মৌ। জাহিদ বললেন, ‘শুটিং ছিল, মিমির (আফসানা মিমি) পৌষ ফাগুনের পালা নাটকের। ওখান থেকে ঢাকা ক্লাবে গিয়ে কিছুক্ষণ খেলা দেখলাম।’ক্রিকেটে বিভিন্ন দলকে সমর্থন করেন সবাই। কিন্তু ওই দিনের চিত্রটা ছিল একেবারেই অন্য রকম—সবাই বাংলাদেশের সমর্থক। বাংলাদেশ খেলছে, অন্য দলকে সমর্থন! প্রশ্নই আসে না!বাংলাদেশের ব্যাটিং শুরু হওয়ার পরপরই এলেন হিল্লোল। ইমরুলের ব্যাটিংয়ে দারুণ মুগ্ধ তিনি। বললেন, ‘সেলিম ভাই, ইমরুল আর তামিম যদি দেড় শ রান করতে পারে, তাহলে আর চিন্তা নাই।’ ‘বাংলাদেশ স্কোরটা অন্তত ভালো করুক।’ রোজী বললেন।হাকিমের কণ্ঠে সান্ত্বনা, ‘মামু, মন খারাপ কইরো না। বাংলাদেশ জিতবে।’ এরপর সেলিমের দিকে তাকিয়ে বললেন, ‘সাকিব কি কাজটা ঠিক করেছে? টসে জিতল, অথচ ফিল্ডিং নিল!’সেলিম বললেন, ‘হয়তো ওর কোনো পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত টেকে নাই।’মৌ বললেন, ‘আমি খেলা বুঝি না। শুধু রান হলে আর উইকেট পড়লে চিৎকার দিতে পারি।’ তাঁর কথার সত্যতা পাওয়া গেল কিছুক্ষণের মধ্যেই। বাংলাদেশ চার, ছয় এমনকি এক রান নিলেও দারুণ খুশি হচ্ছেন তিনি। হাততালি দিচ্ছেন, চিৎকার করছেন।পুরো খেলায় চুপচাপ ছিলেন অনিমেষ আইচ। উদ্ধার করা গেল না নীরবতার কারণ। সবার কথা শুনছেন, মাঝেমধ্যে একটু হাসছেন। হঠাৎ একবার তাঁর কণ্ঠ শোনা গেল। বললেন, ‘ভারত অনেক সহজে অতগুলো রান করে নিল।’ফারুক আহমেদের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। ফারুক বললেন, ‘৩৭০ রানের পর আর খেলা দেখার কোনো শখ থাকে?’ হাকিম বললেন, ‘মামু, ছক্কা বলে একটা চিৎকার দাও।’ ফারুক বললেন, ‘ছক্কা না মারলে দিমু ক্যামনে?’সবাই সেলিমের কাছে স্টেডিয়ামে খেলা দেখার অনুভূতির কথা জানতে চান। সেলিম বললেন, ‘স্টেডিয়ামে খেলায় মনোযোগ দেওয়া যায় না। চিৎকার, নানা ধরনের কথা। আর টিভিতে তো বল টু বল দেখা যায়।’ খেলায় বাংলাদেশের হারাটা সহজভাবে মেনে নিতে পারছেন না মীর সাব্বির। বললেন, ‘বাংলাদেশ দৈত্যদের সঙ্গে খেলছে। জিতবে ক্যামনে।’বাংলাদেশের একজন খেলোয়াড় আউট হলেন। আর তা দেখে কষ্টে চিৎকার করলেন সেলিম। তাতে ছন্দপতন হলো গল্পে মশগুল তারিনের। মুখ ঘুরিয়ে বললেন, ‘তুমি চিৎকার করলা ক্যান? তাই তো আউট হইছে।’কথা শুনে মনে হচ্ছিল, সবাই ক্রিকেটবোদ্ধা। কত রান হলে সামনে কী হবে, কয়টা উইকেট হাতে থাকলে ৪০ ওভারের পর কত রান হবে—এমনি নানা আলোচনা হচ্ছে।হিল্লোল বললেন, ‘যেভাবেই হোক বাংলাদেশকে ৩০০ রান করতেই হবে।’ ‘কেন?’ ‘অনেক হিসাব-নিকাশ আছে।’খেলা দেখা, গল্প করা, খেলা নিয়ে ভবিষ্যদ্বাণী করা আর নিজেদের কাজের কথার ফাঁকে ফাঁকেই রোজী সেলিম নানা ধরনের খাবার তৈরি করে নিয়ে আসেন।তখন আর বাংলাদেশ-ভারতের খেলা নয়, আলাপের বিষয় হয়ে দাঁড়ায় বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকাকে সুন্দর করে সাজানোর বিষয়টি। নাটকের কাজ শেষ হতে প্রায়ই ফিরতে সবার রাত হয়। তখন ফেরার পথে নানা রঙের আলোকসজ্জা দেখেন তাঁরা। বাসায় ফিরে স্ত্রী আর সন্তানদের সঙ্গে নিয়ে সেই রাতেই আবার বেরিয়ে পড়েন আলোকসজ্জা দেখাতে।হার নিশ্চিত হওয়ার পর খেলা দেখার চেয়ে গল্পটাই মুখ্য হয়ে যায়। খেলা শেষ হয়। রাত বাড়তে থাকে। কিন্তু আড্ডা তখন মাত্র জমে উঠেছে। ওদিকে রাতের খাবারের জন্য সবাইকে তাড়া দিচ্ছেন রোজী সেলিম। কিন্তু সেদিকে কারও খেয়াল নেই।