খেলাঘরের আনন্দঘন বর্ষপূর্তি
শত শিশু-কিশোরের হর্ষধ্বনি, কলকাকলি, নৃত্য-গীত আর ঢোলের বোলে মুখরিত কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। ক্ষণে ক্ষণে কচিকণ্ঠের স্লোগান ‘আনন্দময় শৈশব চাই’, ‘এদেশ হাসি-গানে উঠবেই ভরে/ এসো গড়ি খেলাঘর প্রতি ঘরে ঘরে’। এই চিত্র খেলাঘরের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ‘পুনর্মিলনী, স্মৃতিচারণ ও সাংবাদিক বজলুর রহমান স্মৃতি প্রদান’ অনুষ্ঠানের।গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় দর্শকের আসনে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার। বক্তব্য দেন খেলাঘর ঢাকা মহানগর কমিটির সভাপতি ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, আলী আকবর বিশ্বাস, আবুল ফারাহ প্রমুখ। এ বছর বজলুর রহমান স্মৃতি পদক প্রদান করা হয় প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, মানবাধিকারকর্মী সুলতানা কামাল এবং খেলাঘরের জ্যেষ্ঠ সদস্য ও জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিবুর রহমানকে।আলোচনা ও পদক প্রদানের আনুষ্ঠানিকতা শেষে খেলাঘরের শিশু-কিশোরদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলক কণ্ঠের ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘আমরা তো সৈনিক শান্তির সৈনিক’, ‘এমন একটি পৃথিবী গড়তে চাই’—সম্মিলিত কণ্ঠে এসব গান গেয়ে শোনায় শিশুরা। এ ছাড়া ‘হাট্টি মা টিম টিম’, ‘ঝলমল সুনীল মাঠের ’পরে’ প্রভৃতি গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা।