খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী
মিলনায়তনজুড়ে সাদা পোশাক আর গলায় লাল স্কার্ফ জড়ানো শিশুদের ছোটাছুটি, হইচই। একটু পরপর মিলনায়তনের মাঝখান থেকে একজন চিৎকার করে স্লোগান দিচ্ছেন, ‘আমরা কারা’; শত শিশুর সমবেত চিৎকার, ‘শান্তির পায়রা’। হইচই থামল। শুরু হলো অনুষ্ঠান।
গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক প্রদানের মধ্য দিয়ে খেলাঘরের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন সংগঠনের কর্মীরা। অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। খেলাঘরের চেয়ারম্যান পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন নিরঞ্জন অধিকারী, আবদুল মতিন ভূঁইয়া, প্রণয় সাহা ও শ্যামল দত্ত।
অনুষ্ঠানের শুরুতে ‘ফজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ প্রদান করা হয়। প্রধান অতিথি পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।
এবারের পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পদার্থবিজ্ঞানী অজয় রায়, অর্থনীতিবিদ আবুল বারকাত, শিশুসাহিত্যিক আখতার হুসেন ও খেলাঘর সংগঠক এডলিন মালাকার।