খেলাঘরের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিলনায়তনভর্তি উদ্দীপ্ত শিশুদের নিয়ে হয়ে গেল খেলাঘরের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে খেলাঘরের বন্ধুদের গীতি-আলেখ্য ‘এসো মুঠোয় ধরি গোটা পৃথিবীটা’ দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। অতিথিদের বক্তব্যের পর গানের সঙ্গে সমবেত নাচ পরিবেশন করে নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন। ছিল কল্পরেখার সমবেত আবৃত্তি। এ ছাড়া ‘ও আমার দেশের মাটি’ এবং ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গানের সঙ্গে ছিল খেলাঘরের সমবেত নাচ।
এ বছর বজলুর রহমান ভাইয়া স্মৃতিপদক পেলেন নাট্যজন আলী যাকের, সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান, গীতিকার-সুরকার-সংগীত পরিচালক সেলিম রেজা ও সংগঠক মাখন লাল দাস।
সংগঠনটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বিশেষ অতিথি সাংবাদিক আবেদ খান। স্বাগত বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্।
অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রীয় খেলাঘরের বন্ধুদের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে সঙ্গে প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা।