খেলার মাঠ তারার হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে পতাকা হাতে মৌস​ুমী হামিদ; পাশে রেদওয়ান রনি ও মাহিয়া মাহি,অভিনেত্রী ভাবনা ও নির্মাতা অনিমেষ আইচ
গ্যালারিতে পতাকা হাতে মৌস​ুমী হামিদ; পাশে রেদওয়ান রনি ও মাহিয়া মাহি,অভিনেত্রী ভাবনা ও নির্মাতা অনিমেষ আইচ

একটা সময় ঈদের আগে কাজের চাপে শিল্পীদের দম ফেলার জো ছিল না; সেখানে দিনভর খেলা দেখা তো দূরের কথা। কিন্তু এখন চিত্র পাল্টেছে। মাঠের তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে গ্যালারিও ইদানীং ভরে ওঠে তারায় তারায়। দর্শকেরা দ্বিধায় পড়ে যান—একি খেলার মাঠ, নাকি তারার হাট?

এক সেলফি অনেক শিল্পী
এক সেলফি অনেক শিল্পী

অভিনয় কিংবা সংগীতশিল্পী—গ্যালারিতে দৃষ্টি ফেললেই তাঁদের সরব উপস্থিতি নজরে পড়ে। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ চলার সময় গ্যালারিতে তো শিল্পীদের উপচে পড়া ভিড় ছিল! যেন খেলার জন্য তাঁরা কাজকে দিয়েছেন ছুটি। অভিনেতা ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, মিশু সাব্বির, মডেল নোবেল, অভিনেত্রী রোজী সিদ্দিকী, তমালিকা কর্মকার, মুনিরা ইউসুফ মেমি, নওশীন, মৌসুমী হামিদ, ভাবনা, টয়া, ঈশিকা, দীপালি, নির্মাতা অনিমেষ আইচ, রেদওয়ান রনি, শাফায়েত মনসুর রানা, সংগীতশিল্পী শওকত আলী ইমন, আলিফ আলাউদ্দিন, শফিক তুহিন, জয় শাহরিয়ার, কিশোর, কোনাল, পড়শীর মতো শিল্পীদের গ্যালারিতে প্রায় দিনই দেখা গেছে। টিভিতে যাঁরা খেলা দেখেন, তাঁদেরও হাতছাড়া হয়নি তারকা দর্শনের সুযোগ। কারণ ছক্কাটা মাশরাফি মারুক কিংবা উইকেটটা নিক মুস্তাফিজ—এরপরের দৃশ্যেই দেখা যায় কোনো শিল্পীর উৎফুল্ল চিৎকার।

স্টেডিয়ামে কাজের ফাঁকে মারিয়া নূর ও ইরেশ যাকের
স্টেডিয়ামে কাজের ফাঁকে মারিয়া নূর ও ইরেশ যাকের

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের শেষ দুুটি ওয়ানডে ম্যাচ দেখতে স্টেডিয়ামে যান নায়িকা মাহি। এর আগে নাকি কখনোই স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ হয়নি তাঁর। তাই ভক্তদের পাশাপাশি মাহির জন্য সেদিনের ম্যাচটি ছিল বেশ এক অভিজ্ঞতার। মাহি বলেন, ‘অনুভূতিটা অকল্পনীয়। তবে খেলা দেখার চেয়ে টিকিট পাওয়ার অভিজ্ঞতা খুব আলাদা ছিল। শেষ নাগাদ শেষ ম্যাচের টিকিট পেয়ে মনে হয়েছে, আমি যেন অস্কার পুরস্কার হাতে পেয়েছি!’
শুধু কি গ্যালারি কিংবা টিভি পর্দা? সামাজিক যোগাযোগের মাধ্যমেও তারকাদের দেখা গেছে সেলফি দিয়ে ক্রিকেট টিমের উৎসাহ বাড়াতে। তবে কিছু কিছু শিল্পীকে দেখা গেছে শুধু ক্রিকেটামোদের চেয়ে দায়িত্বের ভার নিয়েই তাঁরা পৌঁছে গেছেন মাঠ পর্যন্ত। ইরেশ যাকের, মারিয়া নূর, শ্রিয়া সর্বজয়া, সামিয়া—তাঁদের খেলা দেখা হয় প্রেস বক্সে বা স্টেডিয়ামের স্টুডিওতে বসে। তাঁরা শুধু দর্শক নন, তাঁদের ধারাভাষ্যকার কিংবা উপস্থাপকের দায়িত্বও পালন করতে হয়। তবে তা-ও কম উপভোগ্য নয়। ইরেশ যাকের বলেন, ‘প্রেস বক্স কিংবা স্টেডিয়ামের নির্দিষ্ট স্টুডিও থেকে খেলা দেখার মজা অন্য রকম। সেখান থেকে মাঠের যে উত্তেজনা আমরা উপলব্ধি করি, তা আলাদা।’
ছবি: ফেসবুক থেকে নেওয়া