খোন্দকার নূরুল আলম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোন্দকার নূরুল আলম
খোন্দকার নূরুল আলম

‘পাহাড়ের কান্না দেখে, তোমরা তাকে ঝরনা বলো’—এই অমর গানের সুরকার সংগীতজ্ঞ খোন্দকার নূরুল আলম (৭৭) আর নেই। গতকাল শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একুশে পদক পাওয়া দেশবরেণ্য এই সুরকার, গায়ক, সংগীত পরিচালক ও শিক্ষকের মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্র জানায়, খোন্দকার নূরুল আলম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
সূত্র জানায়, আজ শনিবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজার পর তাঁকে নিয়ে যাওয়া হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে তাঁকে দাফন করা হবে। এর আগ পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে।
শুভদা ছবিতে সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান খোন্দকার নূরুল আলম। দীর্ঘ সংগীতজীবনে তিনি ছয় শতাধিক গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। তাঁর কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে ‘চোখ যে মনের কথা বলে’, ‘এত সুখ সইব কেমন করে’, ‘তুমি এমনই জাল পেতেছ সংসারে’, ‘এ আঁধার কখনো যাবে না মুছে’, ‘আমি চাঁদকে বলেছি আজ রাতে’, ‘কাঠ পুড়লে কয়লা হয়’, ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’ অন্যতম।
নূরুল আলমের জন্ম ১৯৩৯ সালের ১৭ আগস্ট ভারতের আসামে। বাবা নেসারউদ্দিন খোন্দকার ও মা ফাতেমা খাতুনের দ্বিতীয় সন্তান তিনি। ১২ বছর বয়সে তিনি বাংলাদেশে চলে আসেন।
ইস্ ধরতি পার-এর মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান খোন্দকার নূরুল আলম। ১৯৬৮ সালে অন্তরঙ্গ ও যে আগুনে পুড়ি বাংলা ছবিতে সংগীত পরিচালনা করেন। সে সময় যে আগুনে পুড়ি ছবির ‘চোখ যে মনের কথা বলে’ (তাঁর নিজের গাওয়া) গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। স্বাধীনতার পর ওরা ১১ জন ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। অনেক কালজয়ী ছবিতে রয়েছে তাঁর সুর করা ও গাওয়া গান। এর মধ্যে শাস্তি, চন্দ্রনাথ, সংগ্রাম, জলছবি, দেবদাস, শুভদা, বিরাজ বৌ, পদ্মা মেঘনা যমুনা, শঙ্খনীল কারাগার উল্লেখযোগ্য।
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার, শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন নূরুল আলম।
খোন্দকার নূরুল আলমের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। তিনি বলেন, ‘খোন্দকার নূরুল আলমের মৃত্যুতে জাতি যে কী হারিয়েছে, তা বুঝতে সময় লাগবে। আর আমি তো আমার জীবনের অর্ধাংশ হারিয়ে ফেললাম।’