খেয়ালির ইচ্ছাগুলো...
বড় বোন পপি রুপালি পর্দা কাঁপিয়েছেন। অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। পপির পথ ধরেই ছোট বোন খেয়ালি চলচ্চিত্রে নাম লেখালেন।এ কথায় খেয়ালির বেশ আপত্তি। ‘ভুল, আসলে সিনেমা ছিল না। এটি টেলিছবি মনে করেই কাজটা করেছিলাম। পরে নির্মাতা জানালেন যে কাজটা সিনেমার মতোই হয়েছে। এটি বড় পর্দায় ট্রান্সফার করে সিনেমা বানানো হবে। এভাবেই ভুল ছবিতে কাজ করা। যদি জানতাম এটি সিনেমা, তাহলে কাজই করতাম না।’ বলছিলেন তিনি।কেন, কেন?কারণটা জানা গেল। বাণিজ্যিক ছবিতে এখন কাজ করার ইচ্ছে বা আগ্রহ কোনোটিই তাঁর নেই। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে যখন মাস্টার্স শেষ করার প্রস্তুতি নিচ্ছিলেন খেয়ালি, তখনই রুপালি পর্দায় কাজ করলেন। এরপর একাধিক নাটকেও কাজ করেছেন তিনি। এখনো কাজ করছেন। বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর অভিনীত নাটক প্রচার করা হচ্ছে। খেয়ালি জানালেন, বাণিজ্যিক ছবিতে কাজ না করলেও অনুদান পাওয়া বা প্যারালাল চলচ্চিত্রে কাজ করার প্রতি তাঁর ঝোঁকটা বেশি।খেয়ালির অভিনয়ে বড় বোন পপির কি সম্মতি ছিল?পপি অভিনয় করতে ‘না’ করেননি। কিন্তু পপিও চাইছিলেন, বাণিজ্যিক ছবিতে এখনই কাজ করার দরকার নেই। ‘আপুর কথায় অবশ্য যুক্তি ছিল। এখন আগের মতো ভালো বাণিজ্যিক ছবি খুব কম হচ্ছে। ফলে হুটহাট করে কাজ না করাই ভালো।’ বলছিলেন খেয়ালি।ভুল ছবিটি মুক্তির আগে বড় বোনকে সঙ্গে নিয়েই উদ্বোধনী প্রদর্শনীতে ছবিটি দেখেছেন। অপেক্ষা করেছেন মন্তব্য শোনার। পপি ছবি দেখে কিছু কিছু বিষয় খেয়ালিকে ধরিয়ে দিয়েছেন। খেয়ালি বিষয়গুলো মেনে নিয়েছেন এবং বড় বোনের কাছে আরও বেশি সহযোগিতা চেয়েছেন। ‘আপু যখন ছবিটি দেখলেন এবং আমাকে কথাগুলো বলছিলেন, তখন আমার খুবই ভালো লাগছিল। আপু অনেক বড় তারকা। আমি জানি, চাইলেও আপুর মতো হওয়া যাবে না। আমি চাইব নাটকে কাজ করে করে নিজের একটা পরিচয় দাঁড় করাতে। আর এই ভুবনে পপি আপুর পরিচিতি ব্যবহার করে আমি বাড়তি কোনো সুবিধাও নিতে চাই না। তাহলে আর খেয়ালির কোনো নিজস্বতা থাকবে না।’ বলছিলেন তিনি।চার বোন, দুই ভাইয়ের মধ্যে খেয়ালি তৃতীয়। বড় বোন পপির তারকা হয়ে ওঠাটা খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু সে সময়টায় খেয়ালির অভিনয় করার বা তারকা হওয়ার ইচ্ছা ছিল না। বরং বাসায় পরিচালক-প্রযোজকেরা এলে অথবা আলোকচিত্রীরা এলে খেয়ালি নিরিবিলি স্থানে চলে যেতে পছন্দ করতেন। কিন্তু প্রেক্ষাপট বদল গেছে। কীভাবে বদলাল?‘তখন কেবল অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। অনেক দিন থেকেই অভিনয় করার অফার পাচ্ছিলাম। একদিন একজন খুব করে বোঝালেন। বললেন একটি কাজ করতে। হঠাৎ মনে হলো, কাজটা করে দেখি। এই ঝোঁকেই কাজটা করলাম। কিন্তু সেই কাজটা আর দেখা হলো না। এরপর রাজু আহমেদের ভুল কাজটা করলাম। এটিই আসলে আমাকে অভিনয়ে নিয়মিত করল।’ বলছিলেন খেয়ালি।তবে অভিনয়কেই একমাত্র পেশা হিসেবে নিতে চান না তিনি। জানালেন, একটা ভালো চাকরির সন্ধানে আছেন। চাকরির পাশাপাশি অভিনয় করার ইচ্ছা তাঁর। যদি চাকরি না মেলে, তবে এর মধ্যেই তিনি মাস্টার্সে ভর্তি হবেন।