খোকন বানাচ্ছেন ‘খোঁজ-দ্য সার্চ ২’
এবার খোঁজ—দ্য সার্চ ছবির সিক্যুয়াল তৈরি হতে যাচ্ছে। আর তা পরিচালনা করবেন শহিদুল ইসলাম খোকন। গতকাল শনিবার মুঠোফোনে তিনি জানালেন, ছবি তৈরির ব্যাপারটি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ছবির নাম খোঁজ—দ্য সার্চ ২। এতে খোঁজ—দ্য সার্চ ছবির দুজন শিল্পী অনন্ত ও বর্ষা অভিনয় করবেন। আর গল্পটি হবে স্পাই-থ্রিলার ধাঁচের।পরিচালক বলেন, ‘ছবির কাহিনি তৈরির কাজ শুরু হয়েছে। শুটিংয়ের জায়গা নির্বাচনের জন্য শিগগিরই ইতালির ভেনিস শহরে যাব। সেখানে সম্ভব না হলে ব্যাংককে কাজ করব। ছবির অ্যাকশন দৃশ্যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হবে। আর এর জন্য বলিউডের একজন অ্যাকশন দৃশ্যের পরিচালকের সঙ্গে যোগাযোগ করছি।’শহিদুল ইসলাম জানালেন, এ বছরই তিনি ছবির কাজ শুরু করবেন।এদিকে অনন্ত ও বর্ষাকে নিয়ে গাজী মাজহারুল আনোয়ার নির্মাণ করবেন চলচ্চিত্র আমার দেশ আমার যুদ্ধ এবং সোহানুর রহমান নিঃস্বার্থ ভালোবাসা।