খোলা জায়গায় আলোকচিত্র প্রদর্শনী

তরুণ আলোকচিত্রীদের ছবিতে উঠে এসেছে গ্রামীণ জনপদের নিরন্তর সংগ্রাম, আটপৌরে নাগরিক জীবনের ইতিবৃত্ত। মূর্ত হয়েছে মানুষ, পাখি, গাছপালা, নৈসর্গ। আর তরুণ আলোকচিত্রীদের তোলা এসব ছবি নিয়ে শুক্রবার সকালে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির (ডিটিপিএল) দশম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে ও বটতলায়।
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার মিলনায়তনে। আলোকচিত্র উৎসবের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ টুরিজম বোর্ড। এবারের আলোকচিত্র উৎসবের শিরোনাম ‘ইউনিটি ইন ডাইভার্সিটি’। প্রদর্শনী চলবে ৯ এপ্রিল পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।
এ প্রদর্শনীর উদ্বোধন করে বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আলোকচিত্রের মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়াৎ উল ইসলাম।
বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস বলেন, ‘একটি ছবি সময়, স্থান, রীতিনীতির কথা বলে। ছবির বয়স কখনো কমে না। ছবি এক দালিলিক প্রমাণ।’ তিনি টুরিজম ও ফটোগ্রাফি অঙ্গাঙ্গিভাবে জড়িত মন্তব্য করে বলেন ‘ইনটেনজিবল এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে আলোকচিত্রের ভূমিকা অপরিসীম।’
ডিইউপিএসের সদস্যদের আলোকচিত্রে উঠে এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছবি। উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, এই ছবিগুলো পর্যটন খাতকে সমৃদ্ধ করতে পারে। বলেন, ‘তরুণ আলোকচিত্রীদের ছবিতে ফুটে উঠছে তাদের নিজস্ব কল্পনা ও সৃজনশীলতার কথা। আমরা এই কল্পনাশক্তিকে কাজে লাগাতে পারি পর্যটন খাতের বিকাশে। তাঁদের তোলা ছবি থেকে আমরা দেশের বিভিন্ন প্রান্তের কথা জানতে পারি।’
ডিইউপিএসের সভাপতি প্যারিস তালুকদার বলেন, ‘রঙে-রূপে বৈচিত্র্যে ভরা এই বাংলা। এখানে উৎসব পার্বণ আসে সম্প্রীতির বার্তা নিয়ে। ঘুচে যায় জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ। এ ছাড়া এ দেশের রয়েছে অনন্য সংস্কৃতি এবং পরিবেশগত সৌন্দর্য। এবার এসবই ফুটিয়ে তোলা হবে আলোকচিত্রের মাধ্যমে।’
তিন দিনব্যাপী আলোকচিত্র উৎসবের ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও বটতলা। এখানে প্রদর্শিত হচ্ছে তিনটি ফটো স্টোরি, ৪৫টি আলোকচিত্র এবং ভুটান ট্যুরের ২০টি ছবি। ২০১৬ সালের অক্টোবরে ভুটানে ঘুরতে গিয়েছিলেন ডিইউপিসের সদস্যরা। ভুটান সফরে তোলা নানা ছবিও ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। সেখানে উঠে এসেছে ভুটানিদের জীবনযাত্রা, ধর্মীয় আচার আর সমাজ ব্যবস্থার নানা ছবি।
তিনটি ফটো স্টোরি হল ‘লিভিং জন ওল্ড এইজ হোম’, ‘বিশ্ব ইজতেমা’ ও ‘সি স্যান্ড অ্যান্ড শোর’। প্রথম দুটি স্টোরির ছবি তুলেছেন রাহাত মাহফুজ, অন্যটি জাহিদ হাসান বাঁধনের। ‘জাজেজ চয়েজ’ ক্যাটাগরিতে রয়েছে রাহাত মাহফুজ, নিলয় পাল ও হাসান আহমেদ রাকিবের ছবি।