
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে গতকাল শনিবার উন্মোচন করা হলো কার্তিকা নায়ারের গল্পের অনুবাদ মধু শিকারীর মোড়ক। সুন্দরবন অঞ্চলের মুসলিম ও হিন্দু মিথ অবলম্বনে মূল ইংরেজি গল্পটির নাম ছিল ‘হানি হান্টার’। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন শামীম আজাদ। আর এ বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বইটির পৃষ্ঠায় গল্পটিকে ছবি দিয়ে ফুটিয়ে তুলেছেন ফরাসি শিল্পী জোয়েল

জোলিভেট। বইটির বাংলা অনুবাদ প্রকাশের জন্য এক ভিডিও বার্তায় নিজেদের আনন্দের কথা জানান কার্তিকা ও জোয়েল।
গতকাল বিকেলে মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতার পর নাটকের দল বটতলা মধু শিকারীর মঞ্চায়ন করে। সুন্দরবনের যে জায়গায় তিনটি নদী এসে মিলেছে, গল্পটি শুরু হয় সেখান থেকে। গ্রামের সবাই মধু পছন্দ করে, শনু নামের এক বালক একটু বেশিই ভালোবাসে। একবার সুন্দরবনে ভীষণ ঝড় হয়। দেখা দেয় খরা ও দুর্ভিক্ষ। শনুর এতই খিদে পায় যে, সময় হওয়ার আগেই বন থেকে মধু এনে খেয়ে ফেলে সে। এরপর সুন্দরবনের দেবী বনবিবি ও দানব দক্ষিণ রায় খুব খেপে যায়। তারা শনুকে শাস্তি দেয়।
প্রকৃতিকে তার কাজে বাধা দিলে কী অঘটন ঘটতে পারে, তারই প্রকাশ ঘটে এতে। ইউপিএলের এ বইটির দাম ৭০০ টাকা। আলিয়ঁসের লা গ্যালারিতে গতকালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন আলিয়ঁসের পরিচালক ব্রুনো প্রাশ।