খোলামেলা কথা বললেন রানী মুখার্জি
রানী মুখার্জি, আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘তালাশ’ ছবি মুক্তি পেয়েছে ৩০ নভেম্বর শুক্রবার। ৫০ কোটি ভারতীয় রুপি বাজেটের ছবিটি মুক্তির দুদিনের মাথায় আয় করেছে ২৭ কোটি রুপি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপচারিতায় ‘তালাশ’ ছবি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি আরও নানা বিষয়ে কথা বলেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি।হত্যা রহস্য নিয়ে নির্মিত ছবিতে কোন বিষয়টি সবচে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি?এ ধরনের ছবিতে সাসপেন্স খুবই গুরুত্বপূর্ণ। ছবির কাহিনির বিন্যাস এমন হওয়া উচিত, যাতে শুরু থেকেই কাহিনির চূড়ান্ত পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে সংশয় কিংবা উত্কণ্ঠা বিরাজ করে। এমনভাবে ছবির কাহিনি শেষ করতে হবে যাতে বিস্ময়ে হতবাক হয়ে যান দর্শকেরা। আমি মনে করি, এসব দিক লক্ষ রেখে ছবি নির্মিত হলে পুরো ছবিটি দেখে অনেক বেশি মজা পাবেন সবাই।‘তালাশ’ ছবির চিত্রনাট্য হাতে পাওয়ার পর এ বিষয়গুলো কি খুঁজে পেয়েছিলেন আপনি?হ্যাঁ, ‘তালাশ’ ছবিতে এ বিষয়গুলো খুঁজে পেয়েছি আমি। এ ধরনের ছবিতে এবারই প্রথম অভিনয় করছি। শুধুমাত্র পছন্দসই বিষয়বস্তু দেখেই ছবির কাজ হাতে নিই না আমি। ভালো চিত্রনাট্য এবং চরিত্র পাওয়ার পর চরিত্রটির খুঁটিনাটি নানা দিক খুঁজে বের করার চেষ্টা করি। চরিত্রটি আমার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং কি না এবং এতে অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে কি না তা নিশ্চিত হওয়ার পরই কেবল কোনো ছবিতে অভিনয় করতে রাজি হই। ‘তালাশ’ ছবির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। যখনই কোনো ছবির চিত্রনাট্য পড়া শুরু করি, তখনই মনের ক্যানভাসে দৃশ্যগুলো সাজিয়ে ফেলি। পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাগজে লেখা চিত্রনাট্যকে যতটা সম্ভব জীবন্ত করে তোলার চেষ্টা করি। ইদানীং ধরাবাঁধা চিত্রনাট্যের ছবিই বেশি তৈরি হচ্ছে। পাশাপাশি এমন ছবিও তৈরি হচ্ছে, যেখানে কোনো চিত্রনাট্য থাকে না। এক্ষেত্রে কেবল ছবির গল্পটা বলে দেওয়া হয় অভিনয়শিল্পীকে। আর চিত্রনাট্য লেখা হয় শুটিংয়ের আগ মুহূর্তে।এ ধরনের ছবিতে অভিনয় করতে গিয়ে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়েছে কি? এদিক থেকে আমি যথেষ্ট ভাগ্যবান। কারণ আমাকে খুব বেশি এ ধরনের ছবিতে অভিনয় করতে হয়নি। ধরাবাঁধা চিত্রনাট্য ছাড়া যে দু-একটি ছবিতে অভিনয় করেছি, সেগুলোতে আমার চরিত্র মোটেও গুরুত্বপূর্ণ ছিল না। কাজেই এ বিষয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। গত তিন বছরে হাতে গোনা কয়েকটি ছবিতেই শুধু অভিনয় করেছেন। তবে সব ছবিই ছিল ভিন্নধর্মী। তাহলে কি অনেক বেছে বেছে ছবির কাজ হাতে নিচ্ছেন? আমার মতে, প্রতিটি অভিনয়শিল্পীর জীবনেই এমন একটা ধাপ আসে যখন সে কাজের মধ্যে আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। এক ধরনের স্থিরতাও আসে তাঁর মধ্যে। অন্য কাউকে নয়, নিজেকে খুশি করতেই অভিনয় করতে চায় সে। আমার ক্ষেত্রেও এমনটা ঘটেছে। নিজের খুশির জন্য অভিনয় করছেন? ভক্তদের জন্য নয়? নিজেকে তৃপ্ত করার মতো ছবি বাছাই করার মূল কারণ তো ভক্তরাই। আমি জানি, আমার কাছে ভক্তদের অনেক প্রত্যাশা। তাঁরা আমার কাছ থেকে এমন সব ছবি উপহার চান, যেখানে আমার সেরা অভিনয় দেখার সুযোগ পাবেন তাঁরা। আমি বলতে চাচ্ছি, বন্ধু-বান্ধব কিংবা কাছের মানুষদের অনুরোধে ঢেঁকি না গিলে দর্শকদের সেরা কাজ দিতে পারব—এমন সব ছবিতেই কেবল অভিনয় করতে চাই আমি। আমি কাজ করে যাচ্ছি শুধুমাত্র ভক্ত এবং দর্শকদের কথা মাথায় রেখেই। কাজের মধ্যে আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার উপলব্ধি প্রথম কবে এসেছিল আপনার ভেতর?যতদূর সম্ভব, আজ থেকে বছর দশেক আগে আমার ক্ষেত্রে এমনটা হয়েছিল। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘সাথিয়া’ ছবিতে অভিনয় করে অন্য ধরনের একটি ভালো-লাগা ভর করেছিল আমার ওপর। ছবিটি মুক্তির পর আমি উপলব্ধি করলাম, ভবিষ্যতে এমন সব ছবিতে আমি অভিনয় করব যেগুলো আমাকে তৃপ্ত করবে। গত অক্টোবরে মুক্তি পাওয়া ‘আইয়া’ ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। এক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কী? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। ছবিটিতে কাজ করে অনেক মজাও পেয়েছি। কিন্তু সব সময় দর্শক আর আমার পছন্দ যে মিলে যাবে, তা কিন্তু নয়। আমার ভালো লাগলেও, দর্শকের কাছে ছবিটি খুব একটা ভালো লাগেনি। বলিউডে এটাই রীতি। কখনও জয়, কখনও পরাজয়। হারলে অবশ্যই ভেতরে দুঃখবোধ জন্ম নেয়। কিন্তু সেটা ক্ষণস্থায়ী। দুঃখবোধকে বিদায় দিয়ে পরবর্তী কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ। আমি এমনটাই করি। কোনো ছবি সফলতা পেলেও কি একই মন্ত্র মেনে চলেন?অবশ্যই। সাফল্যের আনন্দে ভেসে না গিয়ে পরবর্তী কাজ আরও ভালো কীভাবে করা যায় সেই চেষ্টা করি। আমি মনে করি, কোনো ছবির সাফল্যের পর পরবর্তী কাজের জন্য আরও বেশি পরিশ্রমী হওয়া উচিত সবার। কারণ সফলতার সঙ্গে সঙ্গে একজন শিল্পীর কাছে দর্শকের প্রত্যাশার পাল্লাটাও ভারী হয়ে যায়।