খ্যাপা বিজ্ঞানী ফ্লিন্টের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাউডি উইথ এ চান্স অব মিটবলস ২-এর পোস্টার
ক্লাউডি উইথ এ চান্স অব মিটবলস ২-এর পোস্টার

ফ্লিন্ট লকউডকে নিশ্চয়ই আপনারা ভোলেননি? ওই যে সোয়ালো ফলস নামের ছোট্ট দ্বীপ শহরের খ্যাপা বিজ্ঞানী। সদ্যই তারুণ্যে পা রাখা ফ্লিন্ট অদ্ভুত সব আবিষ্কারের নেশায় মেতে ওঠে। সেপ্র শুজ—পায়ের মধ্যে সেপ্র করে দিলেই তৈরি হয়ে যায় জুতো। হাত-পাওয়ালা টিভি। ইঁদুর-পাখি। উড়ুক্কু কার। আরও যে কত কী!

তবে ফ্লিন্টের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার এফএলডিএসএমডিএফআর, যেটার পুরো মানে—ফ্লিন্ট লকউড ডায়াটনিক সুপার মিউট্যাটিং ডায়নামিক ফুড রেপ্লিকেটর। অদ্ভুত এই যন্ত্র পানিকে রূপান্তরিত করতে পারে যেকোনো খাবারে। দুর্ঘটনাক্রমে যে যন্ত্র মেঘের মধ্যে চলে যায়। সেই মেঘ থেকে পানি টেনে নিয়ে বানাতে থাকে খাবার। আর সেই খাবারের বৃষ্টি হয় সোয়ালো ফলস শহরে। ভাবুন তো একবার—পানির বদলে বৃষ্টি হয়ে ঝরছে লোভনীয় সব খাবার!

একসময় যে ছিল পুরো শহরের হাসির পাত্র, সেই ফ্লিন্ট রাতারাতি হয়ে যায় নায়ক। খ্যাতির মোহ তাকে পাগল করে তোলে। প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ানোর এই বোকামির জন্য ফ্লিন্টের বাবা সাবধান করে দেয়। কিন্তু ফ্লিন্ট শোনে না কারও কথাই। একসময় সেই যন্ত্রও চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সোয়ালো ফলস শহরে ধেয়ে আসে ফুড-সাইক্লোন। শেষে ফ্লিন্ট, তাঁর গবেষণা-সহযোগী বাঁদর স্টিভ, হবু প্রেমিকা স্যাম, আবহাওয়া সাংবাদিক স্যামের ক্যামেরাম্যান ম্যানি এবং ব্রেন্টরা মিলে শেষ পর্যন্ত সেই যন্ত্রটিকে বন্ধ করতে সক্ষম হয়।

২০০৯ সালে মুক্তি পাওয়া ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ছবিটির সিক্যুয়েল মুক্তি পেয়েছে। প্রথম ছবিটির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু মিটবলস টু-এর গল্প। যেখানে দেখা যাবে, বিপদ কেটে গেছে মনে হলেও আসলে শেষ পর্যন্ত বিপদ কাটেনি। কারণ, সেই ভয়ানক যন্ত্র আবার সক্রিয় হয়ে উঠেছে। শুধু তা-ই নয়, সেই যন্ত্র আগের চেয়ে আরও বিধ্বংসী। কারণ, এবার শুধু খাবার নয়, সেই যন্ত্র উৎপাদন করছে ‘ফুডিম্যালস’—ফুড আর অ্যানিমেলের সংকর।

শুনেই অনুমান করে নিতে পারছেন নিশ্চয়ই, সুকুমার রায়ের হাঁসজারু, হাতিমি, বকচ্ছপের হলিউডি সংস্করণের দেখা মিলবে এবার। অ্যাপেল পাইথনস (অ্যাপেল পাই আর পাইথনস), শ্রিম্পাঞ্জিস (শ্রিম্প আর শিম্পাঞ্জি), হিপপেটেটোমাস (পটেটো আর হিপপটমাস)—খাবার আর পশুপাখির অদ্ভুতুড়ে সব সংকরের দেখা মিলবে এই ছবিতে। ফলে এবার ফ্লিন্টের চ্যালেঞ্জটা আরও বড়। অবশ্য এবারও তাঁর পাশে এসে দাঁড়াবে স্যাম, যার সঙ্গে ফ্লিন্টের প্রেমটা আরও মজবুত হবে। শুধু তা-ই নয়, ফ্লিন্টের সহকারী স্টিভের সঙ্গে এবার প্রেম হবে বিজ্ঞানী চেস্টারের সহকারী কথা বলতে সক্ষম ওরাংওটাং বারবের সঙ্গে!

আগের চরিত্রগুলোই থাকছে, সঙ্গে যুক্ত হচ্ছে আরও নতুন নতুন বিচিত্র সব চরিত্র। অবশ্য ছবিটার পরিচালক পাল্টে গেছে। এবারের পরিচালনার দায়িত্ব নিয়েছেন কডি ক্যামেরন ও ক্রিস পিয়ার্ন। পিয়ার্ন তেমন কেউকেটা গোছের না হলেও অ্যানিমেশন জগতে ক্যামেরন পরিচিত একটা নাম। চিকেন রান, শ্রেক, মাদাগাস্কার সিরিজে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। সেই ক্যামেরন বলছেন, ‘আমি ক্লাউডির জগৎটা পছন্দ করি। যত ছবিতে কাজ করেছি, এর মধ্যে ক্লাউডিই আমার সবচেয়ে প্রিয়। আর তাই সেই চরিত্রগুলোর কাছের আরও খ্যাপাটে একটা পৃথিবী দিয়ে ফিরে আসাটা আমার কাছে রোমাঞ্চকর।’

পিয়ার্ন জানিয়েছেন, ‘আমরা যখন এই ছবিটা নিয়ে চিন্তাভাবনা শুরু করি, দেখেছিলাম, একটা সমৃদ্ধ সম্ভাবনার সামনে আমরা দাঁড়িয়ে আছি। অনেক কিছুই আমাদের পক্ষে করা সম্ভব। শুধু নতুন একটা অ্যাডভেঞ্চার নয়, নতুন নতুন চরিত্রগুলো নিয়েও আমরা কাজ করতে পেরেছি।’

২৭ সেপ্টেম্বর মুক্তির পর পরই ছবিটি চলে এসেছিল টপ চার্টে। ৭ কোটি ৮০ লাখ ডলার বাজেটের ছবিটি প্রথম সপ্তাহেই আয় করেছে সোয়া সাত কোটি ডলার। বোঝাই যাচ্ছে, ক্লাউডি উইথ আর চান্স অব হেভি রেইন-এর পূর্বাভাস মিলছে বক্স অফিসে!

রাজীব হাসান

সূত্র: এক্সপ্রেস ইউকে