গগনে কৃষ্ণমেঘ দোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গণগ্রন্থাগার চত্বরে চারদিকে জাতীয় কবি কাজী নজরুলের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুনে সাজানো। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের ভেতরেও উত্সবের আমেজের কমতি নেই। গান, কবিতা ও নৃত্যের ছন্দে বারবার ফিরে এলেন সাম্য ও মানবতার কবি নজরুল। গতকাল রোববার ছিল জাতীয় কবির ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলসংগীত শিল্পী পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী উত্সবের শেষ দিন।সন্ধ্যায় শিল্পীদের সমবেত পরিবেশনা ‘টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে’ গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।সমবেত গানের পরে ছিল একক গান। এতে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা কবির বিভিন্ন আঙ্গিকের গান গেয়ে শোনান। গানের মাঝে নাচও ছিল। ‘মোরা আর জনমে হংসমিথুন ছিলাম’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন আবদুুর রশিদ ও মারিয়া ইসরাত জাহান।অনুষ্ঠানে পরিবেশিত একক গানের মধ্যে ছিল ‘গগনে কৃষ্ণমেঘ দোলে’, ‘সখি আমি না হয়’, ‘সন্ধ্যা মালতী যাবে’, ‘জাগো হে রুদ্র’, ‘নব ঘন শ্যাম’, ‘শাওন রাতে যদি’, ‘রুম ঝুম বাদল আজি বরষে’, ‘প্রিয় এমন রাত’, ‘পিয়া গেছে কবে পরদেশে’, ‘নহে নহে প্রিয় এ নয় আঁখি জল’, ‘নিশিথ রাতে ডাকলে আমায়’সহ আরও বেশ কিছু গান।শিল্পীরা ছিলেন সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী, জান্নাত এ ফেরদৌসী, প্রদীপ কুমার নন্দী, বিপাশা গুহঠাকুরতা, ইউসুফ খান, অনিন্দিতা চৌধুরী, চম্পা বণিক, ছন্দা চক্রবর্তী, ইফফাত আরা প্রমুখ।আবৃত্তি করেন হাসান আরিফ, একক নৃত্যে ছিলেন কবিরুল ইসলাম। অনুষ্ঠানে সহায়তা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।