গঙ্গা ও সুরমায় এখন শুধুই অশ্রুজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালিকাপ্রসাদ ভট্টাচার্য
কালিকাপ্রসাদ ভট্টাচার্য

কালিকাপ্রসাদ আমার বন্ধু ছিল। বছর আটেকের পরিচয়। এর আগে দোহারের নাম শুনি ২০০০ সালে, তাঁদের প্রথম অ্যালবাম বন্ধুর দেশে যখন বেরোয় তখন। হঠাৎ করে চিনতে পারিনি তাঁদের। শুনি, কলকাতার দল, কিন্তু গাইছে সব বাংলাদেশের গান। এরপর তাঁদের নতুন অ্যালবাম বেরোলে কলকাতা থেকে আনিয়েছি। একসময় ঢাকার বাজারেও আসতে শুরু করে সেসব। বেশির ভাগ গানই আমার অঞ্চল সিলেটের, ভাটি বাংলার। পরে জানতে পারি, দলটির সদস্যদের পূর্বপুরুষেরা ভারতের শিলচরের। একসময় যারা সিলেটের সঙ্গেই ছিল, ডানা ভেঙে এখন শিলচর মাড়িয়ে কলকাতায়।

দোহারের সঙ্গে আমার সাক্ষাৎ ২০০৮ সালের ২৮ আগস্ট। কলকাতার গোর্কি সদনে সিলেটের বাউল শাহ আবদুল করিমকে নিয়ে আমার বানানো তথ্যচিত্র ‘ভাটির পুরুষ’ দেখানোর পর দোহারকে মঞ্চে ডেকেছিলেন অনুষ্ঠানের আয়োজক সানু ব্যানার্জি। প্রামাণ্যচিত্রের পর এক ঘণ্টা শাহ করিমের গান শুনিয়েছিলেন দোহার। গান শেষে সাজঘরে গিয়ে পাকড়াও করি দলনেতা কালিকাপ্রসাদকে। কালিকা তখন আমার কাছে এক বিস্ময়ের নাম। তাঁকে নিয়ে আমার তখন কত প্রশ্ন। কী করে এ গানগুলো সংগ্রহ করেছিলেন, সুর বদল করেছেন কি না, ভাটি থেকে পেরিয়ে সুরমা ছাড়িয়ে গঙ্গার পাড়ে এসে কতটুকু বদলেছে, কেন বদলাল—এসব নিয়েই ছিল আমাদের আলোচনা।

দোহার ৮ সদস্যের একটি বাংলা গানের দল। দলপ্রধান ও মূল গায়ক কালিকাপ্রসাদ, ব্যবস্থাপক রাজীব ছাড়াও আছেন নিরঞ্জন, সত্যজিৎ, অমিত, মৃগনাভি ঋত্বিক ও সৌম্য। কালিকার পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মাস্টার্স করেছেন লোকসংগীতে। সে কারণেই খুব সহজে তাঁর গায়কিতে আবদুল করিম পাঠের মধ্যে কোথাও রবীন্দ্রনাথ, কোথাও বিজ্ঞান ঢুকে যায়, কোথাও মার্ক্স, কোথাও বা জীবনানন্দ এসে পড়েন। শিলচরের শৈশবটাকে তিনি কোনোভাবেই ঝেড়ে ফেলতে পারেননি বলেই কমলালেবুর ঘ্রাণ ছড়ায় তাঁর সুরের ভেলা।

২০০৮-এর পর থেকে তাঁর সঙ্গে আমার আত্মিক যোগাযোগটা বেড়ে যায়। তিনি ঢাকা এলে, আমি কলকাতায় গেলে আড্ডায় বসি। কেন যেন তাঁকে আমার প্রাণের মানুষ বলে মনে হয়। আমাদের আড্ডায় সারাক্ষণই দুই বাংলার বাউল-ফকির আর তাঁদের গানই প্রধান হয়ে আসে। আমাদের আড্ডা লালন-রবীন্দ্র থেকে শুরু হয়ে করিমে এসে ঠেকে। বছর দুই আগে তাঁদের সহজ পরব উৎসবে আমার লেখা ‘মহাজনের নাও’ দেখানো হলো। কালিকা আমাকে বললেন, তাঁর দলের জন্য হাছন রাজাকে নিয়ে একটা গীতিনাট্য লিখে দিতে। হাছন রাজার চরিত্রে সে অভিনয় করবে আর কাব্যকথায়-গানে হাছন রাজাকে প্রকাশ করবে। আমি লিখেও ছিলাম। কলকাতার বিভাস চক্রবর্তীকে দেওয়াও হয়েছিল। পরিকল্পনা ছিল গীতিনাট্য হয়ে মঞ্চে আসবে সেটি।

বছরখানেক ধরে কলকাতার বাংলা চ্যানেল জি বাংলায় গানের রিয়েলিটি শো সারেগামাপায় আমাকে টানতে শুরু করেছে। সেখানে যুক্ত হয়েছে কালিকা, আমাদেরই ভাটি অঞ্চলের গানগুলো নতুন ব্যঞ্জনা পাচ্ছে তাঁর স্পর্শে। খাঁটি দেশজ যন্ত্র ব্যবহার করেও যে উচ্চমাত্রার সংগীতায়োজন করা যায়, কালিকা সেটা দেখিয়ে মুগ্ধ করলেন দুই বাংলার লোকগানের শ্রোতাদের। শুধু তা-ই নয়, বাংলাদেশের জাতীয় সংগীত বা একুশের গানও যখন বাংলাদেশের শ্রোতারা শুনেছিল তখনো তাঁদের মুগ্ধতার কমতি ছিল না।

গত বছর সিলেটে শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে কালিকার সঙ্গে আমার শেষ দেখা। বিনা পারিশ্রমিকে দল নিয়ে সেখানে গাইতে এসেছিল কালিকা। শেষ কথা হয় মাসখানেক আগে। আন্তর্জাতিক সিলেট উৎসব হবে ঢাকা-সিলেটে, সেখানে গান গাইবেন কি না জানতে চেয়েছিলাম। কালিকা বললেন, আপনারা ডাকলে আসব। আয়োজকেরা তাঁকে আর ডাকেননি। সিলেটে সে উৎসবের শেষ দিন সকালে খবর এল, বর্ধমান থেকে গান করে আসার পথে ঘটে গেল দুর্ঘটনা। তারপর আর কিছু নেই। গঙ্গার বুকে সুরমার ঢেউ তোলা কালিকা এখন শুধুই একটি স্মৃতি। গঙ্গা ও সুরমার জল এখন কেবলই অশ্রু!

দোহার নতুন করে গান লেখে না, আমাদের শেকড়ের গানই খুঁজে খুঁজে এনে তুলে ধরে। রবীন্দ্রনাথ, লালন থেকে শুরু করে শাহনূর, শিতালং, শেখ ভানু, রাধারমণ, আরকুম শাহ, হাসন রাজা, রশীদ উদ্দিন, উকিল মুন্সি, দুরবিন শাহ, আবদুল করিম পর্যন্ত সবার গানই করেন। শিলচর-করিমগঞ্জ বা সিলেটের ভাটির ভাঁজে ভাঁজে যেসব মরমি কথা ছড়িয়ে-ছিটিয়ে আছে সেসবের হাজার পাঁচেক গান তাঁদের ভান্ডারে আছে। এ পর্যন্ত ১০টি অ্যালবামে দেড় শতাধিক গান তাঁরা ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের ভাটি অঞ্চলের হাওরে-বাদারে ফুটে থাকা ফুলগুলোকে তুলে এনে শহরের বসার ঘরের সুন্দর ফুলদানিতে সাজিয়ে রাখার মতো ব্রত নিয়েই যেন দোহার ছিল কলকাতায়। যেন গঙ্গার বুকে ছড়িয়ে দেওয়া সুরমার ঢেউ।

লেখক: স্থপতি ও নিমার্তা