গঙ্গা থেকে দূরে!

পুরো বিনোদন দুনিয়া এখন প্রিয়াঙ্কা চোপড়ার অস্কার উপস্থিতির আলোচনায় ব্যস্ত। ভাবা যায়, প্রথমবার অস্কারের মঞ্চে পা রেখেই এই ভারতীয় মেয়ে ছাড়িয়ে গেছেন জেনিফার লরেন্স, শার্লিজ থেরন আর কেট উইন্সলেটদের মতো অস্কারজয়ী অভিনেত্রীদের। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট উইকলি সাময়িকীর দৃষ্টিতে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডে সবচেয়ে কেতাদুরস্ত নারীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়ার অবস্থান দুইয়ে। তাঁর আগে রয়েছেন অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড। বাকি সব তারকাই প্রিয়াঙ্কার পেছনে। তা ছাড়া একটি জরিপ বলছে, গত ২৯ ফেব্রুয়ারি অস্কার অনুষ্ঠানের পর থেকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওকে, এরপরই এসেছে প্রিয়াঙ্কার নাম!
এই যে দেখুন, আমরাও কিন্তু প্রিয়াঙ্কার সেই অস্কার উপস্থিতি নিয়ে মেতে উঠলাম। কিন্তু সাবেক এই বিশ্ব সুন্দরী যে কারণে আজ এ অবস্থানে পৌঁছেছেন, তা-ই ভুলে গেলাম আমরা। যে প্রিয়াঙ্কার প্রথম খ্যাতিটাই ছড়িয়েছিল বলিউডের নায়িকা হিসেবে, এখন আন্তর্জাতিক পরিচিতির সামনে তাঁর সেই পুরোনো পরিচয় ঢাকা পড়ে গেছে। ৪ মার্চ মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার ২০১৬ সালের প্রথম বলিউড ছবি জয় গঙ্গাজল।
অস্কার, টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ আর হলিউড ছবি বেওয়াচ-এর ভিড়ে ভারতের এই ছবি এমনভাবেই আড়ালে পড়ে গেছে যে ছবিটির কথা অনেকের মনেই নেই। তাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলে রাখি, জয় গঙ্গাজল ছবির পরিচালক প্রকাশ ঝা। এর আগে তিনি অজয় দেবগনকে নিয়ে ২০০৩ সালে তৈরি করেছিলেন গঙ্গাজল। ছবিটি ওই সময় বক্স অফিসে বেশ সফল হয়। সেই ছবির সিক্যুয়েল জয় গঙ্গাজল। আগের ছবি মুখ্য অভিনেতা অজয়কে দেখা গিয়েছিল একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে। এবার অজয় নন, তাঁর বদলে আছেন প্রিয়াঙ্কা। তাঁকে নতুন এই ছবিতে দেখা যাবে পুলিশ কর্মকর্তা আভা মাথুরের চরিত্রে। সেই সঙ্গে ছবির পরিচালক প্রকাশ ঝাও পর্দায় দাপুটে এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় পর্দায় সঙ্গ দেবেন প্রিয়াঙ্কাকে।

এত দিন নিজের প্রতিটি বলিউড ছবি মুক্তির আগে এর প্রচারণায় প্রিয়াঙ্কা চোপড়াকে বেশ সরব দেখা গিয়েছিল। এমনকি গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া বাজিরাও মাস্তানি ছবির প্রচারাভিযানে অংশ নিতেও কয়েকবার অতলান্তিকের ওপার থেকে ছুটে এসেছিলেন। কিন্তু এবার জয় গঙ্গাজল ছবির বেলায় বেশ নীরব এই অভিনেত্রী। তাঁর প্রচারণা স্রেফ কিছু টুইট, ইউটিউব ভিডিও, ছবির পোস্টার উন্মোচন আর ট্রেলার উন্মোচনের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।
যে ছবির নায়কও প্রিয়াঙ্কা, নায়িকাও তিনি, সেই ছবির বেলায় এত উদাসীনতা? প্রিয়াঙ্কা তবে নিজেকে মনে-প্রাণে হলিউডকে সঁপে দিলেন? না, এত সহজেই শিকড়কে ভুলে যাননি তিনি। গঙ্গা থেকে দূরে থাকতে পারেন তিনি, তবে জয় গঙ্গাজল থেকে নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, ‘“কোয়ান্টিকো”র শুটিংয়ের জন্য অনেক আগে থেকেই সময়টা বরাদ্দ ছিল। আমি কথা বলেছি জয় গঙ্গাজল ছবির পরিচালক আর প্রযোজকদের সঙ্গে। তাঁদের ছবি মুক্তির দিন একটু পেছানোর জন্য অনুরোধ করেছিলাম, যাতে আমি ছবির প্রচারণায় অংশ নিতে পারি। কিন্তু তাঁরা এই সময়টা বেশি উপযুক্ত বলে মনে করেছেন। তাই তাঁরা আমাকে আশ্বস্ত করেছেন, যেন আমি ছবিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রচারণা করি, আর ভারতের ভেতরের বাজারটা দেখবেন অন্যরা। কিন্তু সত্যি বলছি, ছবি নিয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করায় দারুণ আনন্দ।’
আদর রহমান
আইএএনএস, টাইমস অব ইন্ডিয়া, এন্টারটেইনমেন্ট উইকলি, ডিএনএ ইন্ডিয়া ও বলিউড লাইফ অবলম্বনে