গঙ্গা থেকে বুড়িগঙ্গার মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের হিসাবে সাড়ে ছয় শ বছর আগের কথা। আকস্মিক আততায়ীর হাতে নিহত হলেন বাংলার শাসক আলাউদ্দিন মোবারক শাহ্। সাধারণ জনতার সমর্থন পেয়ে শূন্য সিংহাসনে বসলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং দেশ থেকে বিতাড়িত করলেন বিদেশি হানাদার বাহিনীকে।এদিকে ইলিয়াসকে ঘিরে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। দেশি-বিদেশি কুচক্রী মহল ইলিয়াসকে আলাউদ্দিন মোবারক শাহর হত্যাকারী হিসেবে প্রচার করতে থাকে। সুযোগ বুঝে দিল্লির সম্রাট ফিরোজ শাহ তুঘলক বিশাল বাহিনী নিয়ে অতর্কিত বাংলা আক্রমণ করলেন। সেই মুহূর্তে স্বাধীনচেতা ইলিয়াস ঘোষণা দিলেন, সোনারগাঁ, সাত গাঁ, ঢাকা এই তিন অঞ্চলজুড়ে গড়ে তুলবেন এক দেশ, যার নাম হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যে দেশের মানুষ একই ভাষায় কথা বলবে, একই সুরে গান গাইবে, একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি দেবে—স্বাধীন বাংলার জয়।বাগেরহাটের যাত্রাপুর প্যান্ডেলে আনন্দ অপেরার গঙ্গা থেকে বুড়িগঙ্গা যাত্রাপালায় ইলিয়াসরূপী সেলিম রেজা যখন এমন সংলাপ বলছিলেন, দর্শক তখন মুহুর্মুর্হু করতালি দিয়ে অভিনন্দিত করে। পালাকাহিনিতে দেখা যায়, ইলিয়াসের মুক্তিফৌজ বাহিনীর কাছে সম্রাট ফিরোজ শাহ্ পরাজিত হন। স্বাধীন সুলতান ইলিয়াসের সঙ্গে সন্ধি করে বাংলার মুক্তিসেনানীদের সালাম জানিয়ে ফিরোজ শাহ্ দিল্লিতে ফিরে যেতে বাধ্য হন। এরই মধ্যে ঘটনার ঘনঘটায় মোবারক শাহের প্রকৃত হত্যাকারীর পরিচয় ফাঁস হয়ে যায়।আনন্দ অপেরা কয়েক বছর ধরে এই পালাটি মঞ্চে আনছে। এর ভাব-ভাষা-ছন্দে রয়েছে দেশপ্রেমের সুর। একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের সঙ্গে এর কাহিনির অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। যে কারণে পালাটি পরিবেশনে আবেগময়তা তৈরি হয়। খুলনার শিরিন অপেরা পালাটি প্রথম মঞ্চে আনে। ঢাকার দেশ অপেরা, লোকনাট্য গোষ্ঠীসহ পেশাদার প্রথম শ্রেণীর সব দলেই পালাটি মঞ্চস্থ হতে দেখা যায়। এর লেখক কলকাতার শান্তি রঞ্জন দে।