গঙ্গা-যমুনা উৎসবে আবারও সময়
এর আগে আরও তিনবার এ উৎসবে যোগ দিয়েছে সময় সাংস্কৃতিক গোষ্ঠী। প্রতিবারই ওখানকার নাট্যবোদ্ধাদের আশীর্বাদ বয়ে এনেছে। সেই সুনাম থেকে অনীক নাট্যদল যেন সময়কে হাতছাড়াই করতে চাইছে না। তাই এবারও অনীক আয়োজিত গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আমন্ত্রণ পেয়েছে সময়। তবে প্রতিবার একটি করে নাটক প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেলেও এবার দুটি নাটক প্রদর্শন করার জন্য সময়কে জানিয়েছেন আয়োজকেরা। নাটক দুটি হলো শেষ সংলাপ ও ভাগের মানুষ। শেষ সংলাপ নাটকটির নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান আর ভাগের মানুষ নাটকটির নির্দেশনায় আছেন আলী যাকের। সময় সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান আকতারুজ্জামান বলেন, ‘এর আগে আমরা ২০০০, ২০০৪ ও ২০০৯ সালে এ উৎসবে যোগ দিয়েছিলাম। এবারও তারা আমাকে ফোন করেছে। এবার উৎসবে দুটি নাটক প্রদর্শনের জন্য ওখান থেকে বলা হয়েছে। যে দুটি নাটকের জন্য বলেছে, দুটি নাটকই আমরা ঢাকায় নিয়মিত প্রদর্শন করছি। ফলে উৎসবে যোগ দেওয়ার প্রস্তুতিও আছে। এর আগে আমরা যে কয়েকবার ওই উৎসবে নাটক প্রদর্শন করেছি, প্রতিবারই কলকাতার দর্শকের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছি।’ তিনি জানান, ডিসেম্বরের ২৪ থেকে ৩১ পর্যন্ত এ উৎসব হয়। পশ্চিমবঙ্গের আশপাশের একাধিক প্রদেশ থেকে নাট্যদল আসে। উৎসবটি একযোগে চলে একাডেমী অব ফাইন আর্ট, শিশির মঞ্চ ও মিনার্ভা থিয়েটার হলে। আকতারুজ্জামান বলেন, ‘অক্টোবরের ২৬ ও ২৭ তারিখে আমাদের নাটকের দুটি প্রদর্শনী হবে। তার আগে ৪০ সদস্যের একটি দল ২৪ অক্টোবর রাতে কলকাতার উদ্দেশে রওনা হয়ে যাবে।’এই দলে থাকছেন আকতারুজ্জামান, রিয়াজ মাহমুদ জুয়েল, আরিফুজ্জামান, আলমগীর হোসেন, পাভেল ইসলাম, ফখরুল ইসলাম, লাভলী, ঈশিতা চাকী প্রমুখ।