গঙ্গা-যমুনা নাট্যোৎসব কাল শুরু
কলকাতার অনীক নাট্যদল কয়েক বছর ধরে আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। এবার বাংলাদেশেও এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ বাংলাদেশ কমিটির উদ্যোগে আগামীকাল ১৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার শিল্পকলা একাডেমীতে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের যাবতীয় তথ্য তুলে ধরেন উৎসব পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। সূচনা বক্তব্য দেন গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের সদস্যসচিব আকতারুজ্জামান। বক্তব্য দেন অনীক, কলকাতার সম্পাদক নাট্যজন অমলেশ চক্রবর্তী ও উৎসবের প্রচার ও প্রকাশনাবিষয়ক আহ্বায়ক মীর জাহিদ হাসান।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।