গঙ্গা-যমুনা নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে আলোচনা ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।ভারতের পশ্চিমবঙ্গের নাট্যদল অনীক বিগত এক দশকের বেশি সময় ধরে দুই দেশের নাটকের দল নিয়ে আয়োজন করে আসছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। কলকাতাসহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।গতকাল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনীকের (কলকাতা) দলপ্রধান নাট্যজন অমলেশ চক্রবর্তী এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানের পর মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন অবলম্বনে আনন জামানের নবনাট্যায়নকৃত ও আশিক রহমান নির্দেশিত নিশিমন-বিসর্জন।