গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ‘লীলাবতী আখ্যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারের হলভর্তি দর্শক মুগ্ধ হয়ে দেখল কিংবদন্তি খনার জীবনালেখ্য লীলাবতী আখ্যান। গতকাল শনিবার গঙ্গা-যমুনা নাট্যোৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় নাটকটি। লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী) মঞ্চস্থ করেছে এটি। কিংবদন্তির খনার জীবনালেখ্য লীলাবতী আখ্যান রচনা করেছেন নাসরীন মুস্তাফা ও নির্দেশক লিয়াকত আলী। লীলাবতীর আসল নাম খনা। সিংহলের ভাগ্যবিড়ম্বিত রাজকন্যা। বাবা সিংহলরাজ শত্রুর হাতে পরাজিত ও নিহত হলে শিশু লীলাবতী শিক্ষাগুরু মঞ্জুলসহ বন্দী হয় শত্রু দুর্গে। তাদের সঙ্গে আরও এক শিশু বন্দী হয়। তার নাম মিহির। মিহির উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের রাজজ্যোতিষী পণ্ডিত বরাহের ছেলে। ভুল গণনার মধ্য দিয়ে বাবা জানতে পারেন, মিহিরের আয়ু ১২ দিন। তাই পণ্ডিত বরাহ ছেলে মিহিরকে সাত দিন পর তাম্রপাত্রে রেখে ভাসিয়ে দেন সাগরে। আচার্য মঞ্জুল তাকে সাগর থেকে রক্ষা করেন এবং লীলাবতীর সঙ্গেই সন্তানস্নেহে জ্যোতির্বিদ্যায় পারদর্শী করে তোলেন। কেটে যায় ১৬টি বছর। এরই মধ্যে লীলাবতী আর মিহির ভালোবাসায় আবদ্ধ হন। সূর্য সাক্ষী রেখে বিয়ে হয় তাঁদের। ঈর্ষায় অন্ধ শ্বশুর বরাহ পুত্রবধূ লীলাবতীর শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারলেন না। বাবার নিষ্ঠুর আদেশে মিহির স্ত্রী লীলাবতীর জিহ্বা কর্তন করেন, যেন লীলাবতী আর কোনো বচন উচ্চারণ করতে না পারেন। লীলাবতীর মৃত্যু ঘটে। কিন্তু সাধারণ মানুষের মুক্তিদাত্রী হিসেবে সবার স্মৃতিতে ভাস্বর হয়ে থাকেন ‘খনা’ নামে।নির্দেশক লিয়াকত আলী জানান, ‘লীলাবতী আখ্যান আমার একটি নিরীক্ষাধর্মী নাটক। নারীকে দুর্বল করে দেখা এবং নারীর বুদ্ধিবৃত্তিক বিকাশ ও অবদানকে অস্বীকার করা একটি মধ্যযুগীয় মূল্যবোধ। সেই মূল্যবোধ থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি আমাদের সমাজ।’ অভিনয় করেছেন লিয়াকত আলী, মাহফুজ হিলালী হ্যাপী, মাসুদ সুমন, আবু বকর বকশী, চন্দ্রশেখর দেবনাথ, রুবেল শঙ্কর প্রমুখ।