গঙ্গার থেকে পদ্মার ইলিশ এগিয়ে

কথায় আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। এখন দেখা যাচ্ছে, যে রাঁধে, সে গানও গায়। আবার ড্রামও বাজায়। গত শুক্রবার রাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ত্যাজল্যান্ডস অ্যান্ড হোটেলে আয়োজিত ‘সিইও অ্যাওয়ার্ড ১৭’-এর মঞ্চে অত্যন্ত জনপ্রিয় শেফ সঞ্জীব কাপুর প্রমাণ করলেন, যে রাঁধে, সে গান গায়। আবার সুযোগ পেলে খুন্তি ছেড়ে ড্রামও পেটাতে পারে।
তবে এদিনের এই মঞ্চ কোনো সাংস্কৃতিক আসরের নয়। এই মঞ্চ ছিল ব্যবসায়িক তারকাদের। অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এদিন সেরা ১০ প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ছিলেন এই সেরা দশের একজন। তিনি প্রথম বিদেশি ‘সিইও’, যিনি এই সম্মানে সম্মানিত হন। লতিফুর রহমানের হাতে এই বছরের ‘সার্ক আউটস্ট্যান্ডিং লিডার’-এর সম্মাননা তুলে দেন ভারতের বৃহত্তম সংবাদপত্র গোষ্ঠী ‘টাইমস অব ইন্ডিয়া’র সাবেক সিইও রবি ধারিওয়াল।
‘সিইও অ্যাওয়ার্ড’ মঞ্চে সেরা ‘১০ সিইও’-র নানান অজানা দিক উঠে এল। একই মঞ্চে শেফ সঞ্জীব কাপুরকেও নতুনভাবে আবিষ্কার করা গেল। রান্নাঘরের চৌহদ্দিতে নয়, ভারতের প্রথম তারকা শেফকে দেখা গেল মঞ্চে মাইক্রোফোন হাতে রীতিমতো গান গাইতে। আবার কিছুক্ষণ পরে ড্রাম বাজাতেও দেখা গেল তাঁকে। ‘খানা খাজানা’ থেকে ‘গানা-বাজানা’ সফরের রেসিপি কী? সঞ্জীব কাপুর মুচকি হেসে বুকে হাত রেখে বলেন, ‘শুধু ভালোবাসা। রান্নাটা অন্তর থেকে করি, আর গানও গাই ভালোবেসে।’ ‘খানা’ ও ‘গানা’র উপকরণ কী? শেফের জবাব, ‘গানের যেমন সুর, তাল, লয় আছে, রান্নারও একই উপকরণ আছে।’ গানের জন্য কখনো কি তালিম নিয়েছেন? সঞ্জীব কাপুর বলেন, ‘রান্না যেমন সে অর্থে শিখিনি; খেলার ছলে রান্না শিখেছি। গানটাও তাই। গুনগুন করতে করতে কখন দেখছি একটু-আধটু গাইতেও পারছি।’
‘গানা’-র সঙ্গে অবধারিতভাবে উঠে এল ‘খানা’-র প্রসঙ্গ। চিরাচরিত সেই প্রশ্ন, কোথাকার ইলিশ প্রিয়? পদ্মার, না গঙ্গার? শেফের জবাব, ‘বাংলাদেশে অনেকবার গিয়েছি। “কস্তূরী”-র খাবার লা-জবাব লেগেছে। ওপার বাংলায় আমার নিজেরও “খানা খাজানা” বলে রেস্তোরাঁ আছে। সত্যি বলতে, বাংলাদেশের মতো সুস্বাদু ইলিশ বিশ্বের কোথাও খাইনি। ইলিশ মাছ শুধু ভেজে দিলেও খেতে অসাধারণ লাগে। আর তেমনি মিষ্টতা লুকিয়ে আছে চিংড়ি মাছের মধ্যে। আমি সবাইকে বলি, বাংলাদেশে গিয়ে একবার ইলিশ এবং চিংড়ি খেয়ে এসো। আমার মনে হয়, স্বাদের দিক থেকে গঙ্গার থেকে পদ্মার ইলিশ এগিয়ে। তবে কলকাতার মিষ্টি আবার সবচেয়ে সেরা।’