গডফাদার হুমায়ুন ফরীদি
দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় আসছেন হুমায়ুন ফরীদি। নাট্য পরিচালক রেদওয়ান রনি নির্মিত চলচ্চিত্র ‘চোরাবালি’ ছবিতে আবারও তাঁকে খল চরিত্রে দেখা যাবে। সম্প্রতি শুটিং শুরু উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।ছবির শিল্পীদের ব্যাপারে রনি বলেন, আপাতত হুমায়ুন ফরীদিকে চূড়ান্ত করা হয়েছে। ছবিতে তিনি অন্ধকার জগতের গডফাদার। নিজের অন্ধকার জগতের কর্মকাণ্ড নিয়ে একপর্যায়ে একজন সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। ঘটনা মোড় নেয় অন্যদিকে।হুমায়ুন ফরীদিকে নিয়ে রনি আরও বলেন, ‘ফরীদি ভাইয়ের অভিনয় ছোটবেলা থেকেই দেখছি। তাঁর মতো বড় মাপের মানুষের অভিনয় দেখেই আমরা বড় হয়েছি। টিভি, চলচ্চিত্র ও মঞ্চে তাঁর মতো শক্তিমান অভিনেতা নেই বললেই চলে। তাই আমার কাছে মনে হয়েছে আমার ছবির চরিত্রটি শুধু ফরীদি ভাইকে দিয়েই সম্ভব।’হুমায়ুন ফরীদি বলেন, ‘গল্পটা আসলে ভালো। আমার খুব পছন্দ হয়েছে এটি। আশা করছি একটি ভালো সিনেমা হবে এটি।’পরিচালক সূত্রে আরও জানা গেছে, এখন পর্যন্ত ছবির অন্য শিল্পীদের নাম চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগিরই সাংবাদিক এবং অন্য চরিত্রগুলোর পাত্র-পাত্রী স্থির হবে। এ মাসেই শুটিং শুরু হবে বলেও তিনি জানান ।ছবির চিত্রগ্রাহক রাশেদ জামান। এতে গান গাইবেন হাবিব, ন্যান্সিসহ আরও অনেকে।